সম্প্রতি রাজধানীর চকবাজারে পলিথিন কারখানায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোম (২৭ জানুয়ারি) ও মঙ্গলবার (২৮ জানুয়ারি) চকবাজার থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও চকবাজার থানা-পুলিশ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
হামলায় আহত পরিচালক মো. শওকত আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় চকবাজার থানায় একটি মামলা হয়। পরে অভিযান চালিয়ে হামলায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হুমায়ুন কবির (২৮), আরিফুল ইসলাম (৪০), আনোয়ার হোসেন খোকন (৪৮), শাহাবুদ্দিন (৪৫), নাজমুল আলম উজ্জ্বল (৩৬) ও মো. সুমন (২৬)।
ডিএমপির বর্ণনা অনুযায়ী, গত রবিবার সকালে পুলিশ ও র্যাবের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে একটি দল চকবাজারে পলিথিনবিরোধী অভিযান চালায়। এই সময় চকবাজারের পশ্চিম ইসলামবাগে কবির হোসেন ও ইলিয়াছ সরদারের ভাড়া করা বাসা থেকে ৪০ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসব পলিথিন একটি পিকআপে তুলে ফেরার পথে ১৫০-২০০ জন ব্যক্তি লাঠি, ইট, লোহার রড নিয়ে অভিযানকারী দলের পথ আটকায়। এরপর পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক (উপসচিব) মো. শওকত আলীকে মারধর করে গুরুতর আহত করে তারা। এমনকি পিকআপে থাকা জব্দ হওয়া পলিথিনের বস্তা ছিনিয়ে নিয়ে পিকআপটি ভাঙচুর করা হয়।