চট্টগ্রামে ডাবল মার্ডারের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো.বেলাল ও মানিক।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে বেলালকে বহদ্দারহাট এলাকা থেকে এবং মানিককে ফটিকছড়ি উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
সিসিটিভির ফুটেজে বেলালকে গুলি চালাতে দেখা গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা জানান, প্রাইভেটকারে গুলি করে জোড়া খুনের ঘটনায় দুইজনকে সনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে গুলি চালানো কয়েকজনকে শনাক্ত করা হয়। ক্রিম-রঙের টিশার্ট পরা একজন সিসিটিভি ফুটেজে সরাসরি প্রাইভেটকারের দিকে গুলি চালাতে দেখা গেছে। এদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানান, মোট ১৩ জন সন্ত্রাসী ছয়টি মোটরসাইকেলে করে এই পরিকল্পিত হামলা চালায়। তাদের মূল লক্ষ্য ছিল বায়াজিদ বোস্তামি এলাকার তালিকাভুক্ত অপরাধী সরওয়ার হোসেন বাবলা, যিনি শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান। এ হামলার পেছনে দুটি উদ্দেশ্য ছিল- বায়েজিদ বোস্তামি ও আশেপাশের এলাকার অপরাধীদের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই এবং শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ গ্রেপ্তারের প্রতিশোধ নেওয়া।
বায়েজিদ বোস্তামি এলাকার আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান প্রকাশ শিবির সাজ্জাদ বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তিনি এই হামলার মূল পরিকল্পনাকারী। হামলাকারীরা তিন কিলোমিটার জুড়ে ধাওয়া করে এই ঘটনা ঘটায়।
গত ১ এপ্রিল সন্ধ্যায় বাকলিয়া থানায় খুন হওয়া বখতেয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে কারাবন্দী শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় অন্য আসামিরা হলেন- সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্না (৩৭), মোহাম্মদ হাছান (৩৬), মোবারক হোসেন ইমন (২২), খোরশেদ (৪৫), রায়হান (৩৫) ও বোরহান (২৭)।
মামলায় অভিযোগ করা হয়, ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর পরিকল্পনা অনুসারে আসামিরা গুলি করে মানিকসহ দুইজনকে হত্যা করে। ছোট সাজ্জাদকে প্রধান আসামি করা হয়েছে। গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে রবিবার (৩০ মার্চ) রাতে সন্ত্রাসীরা প্রাইভেটকারে বেপরোয়াভাবে গুলিবর্ষণ করে। এতে বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ নিহত হন।
অমিয়/