চট্টগ্রামের পটিয়ায় এক গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আবুল মনছুর (৩৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে শনিবার (২৬ জুলাই) দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আবুল মনছুর চট্টগ্রাম শহরের বাকলিয়া থানাধীন ছিদ্দিক কলোনির বাসিন্দা।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আবুল মনছুরের বিরুদ্ধে পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ।
মামলার এজাহারে বলা হয়, পটিয়া পৌরসভার ওয়াপদা রোড এলাকায় স্বামীর অনুপস্থিতিতে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন ওই গৃহবধূ। স্বামীর একটি আইনি বিষয়ে সহযোগিতার সূত্র ধরে পরিচয় হয় আবুল মনছুরের সঙ্গে। এর পর ২০১৯ সালের ১৫ জানুয়ারি দুপুর সাড়ে ১২ টার দিকে ওই গৃহবধূর বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন মনছুর। এ সময় গোপনে মোবাইলে আপত্তিকর ভিডিও এবং স্থিরচিত্র ধারণ করে রাখেন। এর পর ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন।
এজাহারে আরও বলা হয়, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময় নগরীর বাকলিয়া থানার ছিদ্দিক কলোনির একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে ওই গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেন মনছুর। এ সময় প্রতিবারই নতুন করে ভিডিও ধারণ করতেন এবং সেগুলো ব্যবহার করে ভুক্তভোগীকে হুমকি দিতেন ও মানসিক চাপে রাখতেন।
এর পর সম্প্রতি অভিযুক্ত ব্যক্তি গোপনে ধারণ করা আপত্তিকর ছবি ও ভিডিও ভুক্তভোগীর পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে দেন। এতে পরিবারের সদস্যরা মারাত্মক সংকট ও মানসিকভাবে ভেঙে পড়ার পরিস্থিতি সৃষ্টি হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, ‘মামলাটি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।
মেহেদী/