চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. রফিক উদ্দিনকে (৫০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে তার দুই ছেলেকেও গুলি করা হয়।
সোমবার (১১ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা চাকফিরানী কালীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রফিক উদ্দিন বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য। পাশাপাশি তিনি স্থানীয় মনুফকির হাট ব্যবসায়ী সমিতির সভাপতি।
অপর আহতরা হলেন, ইউপি সদস্য মো. রফিক উদ্দিনের দুই ছেলে মো. ফয়সাল (২৬) ও মো. মিশাল (২৩)। বর্তমানে তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ফয়সাল বলেন, রাতে আমার বাবা স্থানীয় মনুফকির হাট বাজার থেকে মোটরসাইকেলে ফিরছিলেন। তিনি বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। চিৎকার শুনে আমরা দুই ভাই এগিয়ে গেলে আমাদের ওপর গুলি চালানো হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ হাসান বলেন, রাতে ইউপি সদস্য ও তার দুই ছেলেকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। ইউপি সদস্যর দুই হাত ও দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। দুই ছেলের মধ্যে মিশালের চোখে ও ফয়সালের পায়ে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আরিফুল/নাঈম/