গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম (৪০) নামে এক জামায়াত নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রাম এলাকা থেকে নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নজরুল ইসলাম একই গ্রাামের মৃত তফেজ্জল হোসেনের ছেলে। তিনি জামতলী বাজারে মোবাইল টাকা দেনদেন (বিকাশের দোকান) ব্যবসায়ী ছিলেন। নজরুল ইসলাম গোবিন্দগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি ছিলেন। তার দলীয় পরিচয় একাধিক জামায়াতের নেতারা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জাানান, শনিবার (১৬ আগস্ট) বিকেলে বাড়ি থেকে দোকানে যান নজরুল ইসলাম। এর পর গভীর রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। তার ব্যবহার করা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরে রবিবার সকালে বাজারের অদূরে রাস্তার পাশে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এর পর পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করেন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলা ধারালো কোনো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। এটি কোনো রাজনৈতিক বা ব্যাবসায়িক সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। হত্যার কারণ জানতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
রফিক/মেহেদী/