নারায়ণগঞ্জের রিয়াজ বাহিনীর মূল হোতা রিয়াজুল ইসলাম ওরফে ‘শুটার’ রিয়াজকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার লোকজন আটক করেছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গোয়াইনঘাট ইউনিয়নের আলীরগ্রাম এলাকায় দুই শিশুর অপহরণকারী সন্দেহে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এ সময় তার ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাটে রিয়াজের অবস্থানের খবর পেয়ে তার সন্ধানে নামে র্যাব। ওই সময় রিয়াজ তার দুই শিশুকন্যাকে নিয়ে একটি গাড়িতে করে গোয়াইনঘাটের আলীরগ্রামের দিকে যান। তার পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি আলীরগ্রামের একটি বাড়ির বারান্দায় দুই শিশুকে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ ঘটনায় গ্রামবাসীর সন্দেহ হয়। তারা রিয়াজকে ধাওয়া করে আটক করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর করেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াজ ও তার দুই শিশুকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে থানায় জিজ্ঞাসাবাদে তার পরিচয় পাওয়া যায়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা নিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, রিয়াজ হত্যা, খুনসহ প্রায় ২০টি মামলার আসামি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজকে র্যাব-৩-এর সদস্যরা ২০২২ সালে আটক করেছিলেন। সেই সময় তার কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ৫টি দেশীয় অস্ত্র, ১টি মোটরসাইকেল এবং ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।