রাজবাড়ীর গোয়ালন্দে নূরাল পাগলার দরবার থেকে গরু লুট করে নিয়ে যাওয়া যুবক সজিব শেখকে (২৬) গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। লুট হওয়া গরুটিও উদ্ধার করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে উজানচর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে সজিব শেখকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
সজিব শেখ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের বাসিন্দা।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, “ভিডিও ফুটেজে দেখা গেছে- সজিব শেখ দরবার থেকে একটি গরু নিয়ে যাচ্ছে। সেই ফুটেজের ভিত্তিতেই তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি জানান, নূরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লার করা হত্যা, জখম, লুটপাট, অগ্নিসংযোগ ও কবর থেকে মরদেহ উত্তোলন ও পুড়িয়ে ফেলার মামলায় সজিব শেখকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পরে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় হওয়া দুটি মামলায় এখন পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আজাদ মোল্লার মামলায় ১০ জন ও পুলিশের এসআই সেলিম মোল্লার মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২৩ আগস্ট নূরাল পাগলার মৃত্যু হলে দরবার প্রাঙ্গণে তাকে দাফন ও কাবা শরীফের আদলে একটি স্থাপনা নির্মাণ করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর বিক্ষোভ শেষে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং দরবারে হামলা চালিয়ে কবর থেকে মরদেহ উত্তোলন করে পুড়িয়ে ফেলা হয়। এ সময় নূরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা নিহত হন। এর পর ওই রাতেই পুলিশ এবং পরে ৮ সেপ্টেম্বর ভক্ত পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়।
সুমন/মেহেদী/