ময়মনসিংহে পূজামণ্ডপে তিনজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. মামুন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর বড় কালীবাড়িতে বন্ধুসংঘ শ্যামা পূজার মণ্ডপে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- অটোমিস্ত্রি মানিক সরকার (২৮), তার স্ত্রী ভারতী সরকার (২৪) ও বড় কালীবাড়ি বন্ধুসংঘ শ্যামা পূজা কমিটির সাধারণ সম্পাদক সাধন সরকার (৫৭)।
তারা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, প্রতিবার পূজার সময় মামুন বন্ধুসংঘ শ্যামা পূজা কমিটির কাছে টাকা চায়। এবারও তিনি টাকা চেয়েছিলেন, না দেওয়া পূজা কমিটির সাধারণ সম্পাদক সাধন সরকারসহ তিনজনকে ছুরিকাঘাত করেন। এ সময় মামুনের সঙ্গে আরও কয়েকজন ছিলেন।
বন্ধুসংঘ শ্যামা পূজা কমিটির সভাপতি রতন পাল বলেন, মামুন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আহতদের মধ্যে ভারতী সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠিয়েছেন। মামুনের উপযুক্ত বিচার দাবি করছি।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, অভিযুক্ত মামুনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
কামরুজ্জামান মিন্টু/অমিয়/