চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি করা প্রায় সাড়ে ছয় কোটি টাকার নিষিদ্ধ পপি বীজ জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম্সের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ পপি বীজ জব্দ করে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার এইচ এম কবীর।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে দুটি কন্টেইনারে প্রায় ২৪,৯৬০ কেজি পপি সিড (বীজ) আনা হয়েছিল, যা মূলত বার্ড ফুড হিসেবে ঘোষিত হয়েছিল। তবে কায়িক পরীক্ষায় ৭২০০ কেজি বার্ড ফুডের পাশাপাশি ২৪,৯৬০ কেজি পপি সিড পাওয়া যায়। এই চালানটি পাকিস্তান থেকে ৯ অক্টোবর ২০২৫ তারিখে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। কর্মকর্তারা জানান, চালানটির ঘোষিত মূল্য ছিল ৩০ লাখ ২ হাজার ৪৮২ টাকা, কিন্তু কায়িক পরীক্ষায় প্রাপ্ত বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা দাঁড়ায়।
কাস্টমস সূত্রে জানা গেছে, আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আদিব ট্রেডিং এবং তাদের সিঅ্যান্ডএফ এজেন্ট মি.এইচ. ট্রেডিংয়ের মাধ্যমে চালানটি খালাসের জন্য বিল অব এন্ট্রি দাখিল করা হয়। তবে, গোপন সংবাদের ভিত্তিতে খালাস স্থগিত করে এবং পরবর্তীতে কায়িক পরীক্ষা চালিয়ে পপি সিডের উপস্থিতি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার কর্মকর্তারা।
পপি সিড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মাদক হিসেবে গণ্য এবং এটি আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে। তবে, দেশের খাদ্য ও মশলা হিসেবে কিছু ক্ষেত্রে পপি সিড ব্যবহৃত হলেও এটি মিথ্যা ঘোষণায় আমদানি করা আইনিভাবে নিষিদ্ধ। এ বিষয়ে কাস্টমস আইন ২০২৩ অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান কাস্টম্সের কর্মকর্তারা।
আবদুস সাত্তার/নাঈম