গোপালগঞ্জের সীমান্তবর্তী নড়াইলে গাছ বেচাকেনাকে কেন্দ্র করে ইমদাদ শেখ (৪৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
সোমবার (২৪ নভেম্বর) রাতে নড়াইল জেলার নড়াগাতি থানার ডুমুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমদাদ শেখ নড়াইল জেলার নড়াগাতি থানার ডুমুরিয়া গ্রামের সিরাজুল ইসলাম শেখের ছেলে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ১০ দিন আগে ডুমুরিয়া গ্রামের শওকত মোল্লার সঙ্গে গাছ বেচাকেনা নিয়ে রাসেল মোল্লার কথা কাটাকাটি হয়। পরে আজ রাতে ডুমুরিয়া বাজারে শওকত মোল্লার মামা ইমদাদ শেখ রাসেলের কাছে বিষয়টি শুনতে যান। এ সময় রাসেল ও তার লোকজন এমদাদ শেখকে কুপিয়ে মারাত্মক আহত অবস্থায় রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, বিষয়টি শোনার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। নড়াগাতি থানার সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাদল সাহা/নাঈম