গাজীপুরের টঙ্গীতে উড়ালসেতুর উপর ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে আটটার দিকে বাটা গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম সিদ্দিকুর রহমান (৫৭)। তিনি বরিশালের বাবুগঞ্জ থানার মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা এলাকার ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্দিকুর রহমান কেরানীগঞ্জ এলাকায় বিদ্যুৎ বিভাগে চাকরি করতেন। শনিবার সকালে অফিসে যেতে বাসা থেকে বের হন তিনি। পরে বিআরটি প্রকল্পের উড়ালসেতুর উপর বাসের অপেক্ষা করতে থাকেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা দেখে পুলিশে খবর দেয়।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান খবরের কাগজকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলেছে।
পলাশ প্রধান/অমিয়/