নারায়ণগঞ্জের রূপগঞ্জে চোরের ছুরিকাঘাতে আমেনা বেগম নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ সময় এলাকাবাসীর গণপিটুনিতে অভিযুক্ত চোর মেহেদী ইসলামের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাব এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ আমেনা বেগম (৪৫) কাঞ্চন পৌরসভার কেরাব এলাকার বাবুল দেওয়ানের স্ত্রী।
নিহত মেহেদী ইসলাম (৩২) বিরাব খালপাড় এলাকার মোস্তফা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চন পৌরসভার কেরাব এলাকার মুদি ব্যবসায়ী বাবুল দেওয়ান তার বাড়িতে পাকা ঘর নির্মাণ করছেন। ওই বিল্ডিংয়ের টাইলসের কাজ করতেন মোস্তফা মিয়ার ছেলে মেহেদী ইসলাম। সেই থেকে আমেনাদের বাড়িতে মেহেদী ইসলাম আসা-যাওয়া করতেন।
শুক্রবার আমেনা বেগমের একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যাওয়ার পথে মেহেদী ইসলামকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। এ সময় আমেনা বেগম কাছ থেকে পালিয়ে যেতে হুড়ুহুড়ি করতে থাকেন মেহেদী। একপর্যায়ে তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে আমেনা বেগমের গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আমেনা বেগমকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে আমেনা বেগমের চিৎকারে স্থানীয় লোকজন এসে মেহেদী ইসলামকে আটক করে। পরে স্থানীয়রা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন খবরের কাগজকে বলেন, কাঞ্চন পৌরসভার কেরাব এলাকায় মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রুবেল শিকদার/অমিয়/