চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে নতুন হাপানিয়া গ্রামে প্রবাসীর পুরুষশূন্য বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। একই বাড়ি থেকে পুত্রবধূকে হাত-পা বাঁধাবস্থায় উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত থেকে শনিবার বেলা ১১টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
নিহত পারুল বেগম (৭০) মৃত লনু প্রধানের স্ত্রী। উদ্ধার হওয়া হালিমা আক্তার নিহত পারুল বেগমের ছেলে নুরুল ইসলামের স্ত্রী।
প্রতিবেশী সাহেরা বেগম জানান, বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ বিলের কাগজ নিতে তিনি ওই বাড়িতে যান। বাইরে শিশু মাহাদি হাসান ও মারিয়াকে খেলতে দেখে তাদের কাছে পরিবারের অন্য সদস্যদের খোঁজ করেন। তখন শিশুরা জানায়, দাদু আর মা মারা গেছে। বিষয়টি শুনে তিনি ঘরে ঢুকে দেখেন পারুল বেগম উপুড় হয়ে পড়ে আছেন এবং অন্য কক্ষে হালিমা আক্তার হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন। পরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন।
অপরদিকে আহত হালিমা আক্তার জানান, এশার নামাজের কিছুক্ষণ পর হঠাৎ মুখ বাঁধা অবস্থায় তিন থেকে চারজন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। তারা প্রথমেই তার হাত-পা বেঁধে ঘরের মালামাল লুটে নেয়। পরে পাশের কক্ষে গিয়ে তার শাশুড়ি পারুল বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সহকারী পুলিশ সুপার বলেন, ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ফয়েজ/অমিয়/