রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ রাকিব আহমেদ (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন।
রবিবার (১৫ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিটে এ হামলার ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নিহত রাকিব শেখ বোরহান উদ্দিন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ভিডিও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। তার বাবা তারিকুল ইসলাম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। তাদের বাসা পুরান ঢাকার নিমতলী এলাকায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী বন্ধু মোহাম্মদ ঈশান জানান, শহিদ মিনারের সামনে আড্ডার সময় তিন-চারজন রাকিবকে লক্ষ্য করে গুলি চালায়। ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আরেক বন্ধু রনি বলেন, ‘বন্ধুদের সঙ্গে চা পান করার সময় এক যুবক রাকিবকে ডেকে নিয়ে যায়। কিছু সময় পর গুলির শব্দ পাই। দৌড়ে গিয়ে দেখি রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার মাথায় গুলি লেগেছে, শরীরে রয়েছে ধারালো অস্ত্রের কোপ।’ স্থানীয়রা এক হামলাকারীকে ধরে শাহবাগ থানায় সোপর্দ করেছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শাহবাগ থানা-পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।