চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অভিযান চালিয়ে ৫৭৬ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আলিম হোসেন (৩৬) ও জনি (৪০) নামের দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রুহুল কবীর খান এসব তথ্য জানান।
এর আগে, মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে জীবননগর থানাধীন হাসাদহ বাজারের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়। আটককরা পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কলাগাছিয়া গ্রামের বাসীন্দা।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ওই এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও নিয়মিত চেকপোস্ট ডিউটি করছিল পুলিশ। এ সময় একটি টয়োটা এলিয়ন প্রাইভেট কার দেখে সন্দেহ হলে গতিরোধের সংকেত দেওয়া হয়। তখন চালক গাড়ি থামিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে আসামিদের হেফাজত থেকে ১৪ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৫৭৬ বোতল ফেয়ারডিল, ২৫ লাখ টাকা মূল্যের প্রাইভেট কার এবং ৪টি স্মার্টফোন জব্দ করা হয়।
এসপি জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মিজানুর রহমান/নাঈম