রাজশাহীর পুঠিয়া পৌর এলাকায় চাঁদা দাবি করে না পেয়ে মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে মো. মাইনুলের (২৩) বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুঠিয়া পৌরসভার কাউন্সিল বাজারে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে দোকান খুলে ভেতরে বসে ছিলেন তিনি। এ সময় কাঁঠালবাড়িয়া গ্রামের মো. মাইনুল (২৩) দোকানে প্রবেশ করে তার কাছে নেশার জন্য চাঁদা দাবি করে। জুয়েল টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মাইনুল তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত মাইনুলকে ধাওয়া করে আটক করে এবং দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুঠিয়া থানার পুলিশ তাকে জনরোষ থেকে উদ্ধার করে হেফাজতে নেয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রিফাত/