কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৮ মে) রাতে সাতক্ষীরার সীমান্তবর্তী ভোমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি জহির ইসলাম ওরফে জহির হিজড়া (৪৬)। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার জাপর আলীর ছেলে। নিহত তৃতীয় লিঙ্গের ব্যক্তির নাম এনামুল হক শিশির (২৯) ওরফে মাহী বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রামের কামরুল হক ফরহাদের ছেলে।
র্যাব জানায়, গত বুধবার (১৩ মে) সকালে বুড়িচং পৌরসভার মধ্যবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে তার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৭ মে) বিকেলে তার মৃত্যু হয়।
এই ঘটনার প্রধান আসামি জহিরুল ইসলাম ওরফে আপন ওরফে জহিরকে গ্রেপ্তার করেছে র্যাবের একটি টিম। এর আগে ঘটনার পরপরই অভিযুক্ত আরও তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) সকালে র্যাবের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-১১ সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি মিঠুন কুমার কুন্ডু জানান, সোমবার (১৮ মে) সাতক্ষীরা জেলার ভোমরা উপজেলা থেকে র্যাব-৬ এর সহযোগিতায় জহির হিজরাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিকভাবে সে হত্যাকাণ্ডের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে মাহিকে পুড়িয়ে মারা হয়। এই ঘটনায় দোলা নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান জানান, এই ঘটনায় নিহতের বাবা কামরুল হক ফরহাদ বুড়িচং থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭/৮ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর দোলা নামে এক তৃতীয় লিঙ্গকে আটক করা হয়েছে।
জহির শান্ত/অন্তরা