কক্সবাজার জেলার টেকনাফে সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। পরে অভিযুক্ত পারভেজ প্রকাশ বাক্কায়াকে (২৬) গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত বুধবার দুপুরের দিকে উপজেলার হোয়াইক্যং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরের দিন বৃহস্পতিবার ধর্ষণচেষ্টার অভিযোগে ভুক্তভোগীর মা টেকনাফ মডেল থানায় একটি মামলা করেন।
জানা গেছে, গ্রেপ্তার পারভেজ রাঙামাটি জেলার আবু ছিদ্দিকের ছেলে। তিনি টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের মোলাপাড়া এলাকায় নানার বাড়িতে বাস করেন।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘গত বুধবার দুপুরে বাড়ির সামনে খেলার সময় আমার মেয়েকে পাশের একটি পুকুরপাড়ে নিয়ে যায় পারভেজ। এ সময় আমার ছোট ছেলে বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে তার মাকে জানায়। আমার স্ত্রী এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পারভেজকে আটকের পর পুলিশে সোপর্দ করে।’
তিনি আরও জানান, প্রাথমিকভাবে পারভেজ স্বীকার করেছে, সে ধর্ষণের উদ্দেশ্যে ভুক্তভোগীকে পুকুরপাড়ে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় মেয়েটি রক্ষা পেয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘গত ২০ মে দুপুরে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পারভেজ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন। পরে পারভেজকে আদালতের মাধ্যমে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।’