মৌলভীবাজারের বড়লেখায় অভিনব কৌশলে একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে ৫ লাখ টাকা চুরির ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আইনের এক শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে।
বুধবার (২৭ মে) রাতে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মার্চ শাহবাজপুর বাজারের রাসেল ভেরাইটিজ স্টোরে দুই বোরকা পরিহিত নারী ক্রেতা সেজে ঢুকেন করে। তারা বিভিন্ন মালামাল কেনার কথা বলে দোকানের মালিককে ব্যস্ত রাখেন। এই সুযোগে তাদের সঙ্গে থাকা প্রায় সাত বছর বয়সী এক শিশুকে দিয়ে কৌশলে ক্যাশবাক্স থেকে ৫ লাখ টাকা চুরি করিয়ে নেন।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ চুরির রহস্য উদঘাটন করে। এরপর মঙ্গলবার সিলেটের বিশ্বনাথ থানার সহযোগিতায় স্মৃতি রানি শাহজি ওরফে স্মৃতি বেগম (৩১) এবং শিশুটিকে আটক করা হয়। পরে স্মৃতি বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে দক্ষিণ সুরমার ওমর কবর কাশবন এলাকা থেকে অপর আসামি শানু বেগমকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তাররা একটি আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা সিলেট বিভাগের বিভিন্ন বাজারে একই কৌশলে ক্রেতা সেজে টাকা চুরি করে।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার দুই নারীকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, শিশুটিকে আইন অনুযায়ি প্রবেশন অফিসার ও শিশু বিষয়ক কর্মকর্তার পরামর্শে তার নানির জিম্মায় দেওয়া হয়েছে বলে জানান ওসি।
পুলক পুরকায়স্থ/অমিয়/