হাসি যে আর ধরে না
গোপাল গ্রামের এক মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। আজ দেব, কাল দেব বলে সে টাকা আর শোধ করেননি। সেই লোক গোপালকে একদিন হাটের মধ্যে পাকড়াও করে বললেন, আমার টাকাগুলো দিয়ে দাও তো গোপাল। নইলে আজ আর তোমাকে ছাড়ব না। তোমাকে এতগুলো লোকের সামনে অপমান করব, দেখি তুমি কোথা যাও বাছাধন।
মহাজনের কাছে অপমানিত হয়ে গোপাল বললেন, টাকা কি দেব না বলছি? আগামীকালই আপনার টাকার ব্যবস্থা করছি। সকালে আমার বাড়িতে আসুন। ব্যবস্থা হয়ে যাবে। সামান্য টাকার জন্য এত অপমান করার দরকার ছিল না।
গোপালের কথা শুনে মহাজন মনে মনে ভাবলেন, গোপাল যখন এত লোকের সামনে কথা দিল, তখন আগামীকাল যেভাবেই হোক টাকা পরিশোধ করবে। যাইহোক, পরের দিন মহাজন গোপালের বাড়িতে গিয়ে হাজির হলেন। বললেন, কই হে গোপাল, টাকা দেবে বলেছিলে, দাও। আমি ঠিক সময়মতো এসেছি।
মহাজনের ডাক শুনে গোপাল বাড়ির বাইরে বেরিয়ে এসে বললেন, কাকভোরে ছুটে এসেছেন? দয়া করে বাড়ির দাওয়ায় একটু বিশ্রাম করুন। আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকা পরিশোধের ব্যবস্থা করছি।
মহাজন তো এখনই টাকা পাবেন মনে করে নিশ্চিত হয়ে গোপালের বাড়ির দাওয়ায় বসে হাঁটু দোলাতে লাগলেন।
ওদিকে গোপাল আর তার বড় ছেলে বাড়ির উঠানে বেশ কয়েকটি নারকেল চারা পুঁততে লাগলেন মনোযোগ সহকারে। তা দেখে মহাজন গোপালকে বললেন, এ কী করছ গোপাল? বেলা হয়ে যাচ্ছে। কাজকর্ম আছে তো। গদিতে যেতে হবে। তাড়াতাড়ি আমার টাকা দাও।
গোপাল নারকেলের চারা পুঁততে পুঁততে বললেন, দেখছেন তো চারা পুঁতছি। একটু বসুন না। এখনই হয়ে যাবে পোঁতা। আপনার টাকার ব্যবস্থা করে তবে আজ জলগ্রহণ করব।
কাজ শেষ করে গোপাল কাছে এসে দাঁড়াতেই মহাজন জিজ্ঞেস করলেন, সেই থেকে তো বসিয়ে রেখেছ। একটা তামাকও দিলে না। যাক, টাকা দাও। আমার তাড়া আছে।
গোপাল মুচকি হেসে বললেন, এতক্ষণ ধরে তো আপনার টাকা শোধের ব্যবস্থাই করলাম মশাই।
মহাজন বললেন, তুমি তো এতক্ষণ নারকেলের চারা পুঁতলে। আমার টাকার ব্যবস্থা করলে কই?
গোপাল বললেন, এই যে নারকেলের চারা পুঁতলাম, তাতে নারকেল গাছ হবে। সেই গাছে শত শত নারকেল ধরবে। দুই বছরের নারকেলের টাকায় আপনার সব দেনা শোধ হয়ে যাবে। আপনাকে যখন কথা দিয়েছি আজই টাকা শোধের ব্যবস্থা করব, তাই ব্যবস্থা করে দিলাম।
গোপালের কথা শুনে পাওনাদার হাসবে না কাঁদবে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত বেচারা হেসেই ফেললেন।
গোপাল ভাঁড়ের আলু কেনা
গোপাল একবার হাটে গেছেন আলু কিনতে। পথেই দেখা হলো এক বন্ধুর সঙ্গে। রসিক বন্ধুটি গোপালের আলু কেনার কথা শুনে বললেন, তুমি যদি আলু বিনা পয়সায় কিনতে পারো, তবে দশ টাকা পুরস্কার পাবে।
গোপাল মুচকি হেসে বললেন, ও এই কথা? তুমি আমার সঙ্গে হাটে চল। দেখবে দিব্যি বিনা পয়সায় আলু কিনে নিয়ে বাড়ি ফিরব। কাউকে কোনো পয়সা দেব না।
হাটে গিয়ে গোপাল প্রত্যেক আলু বিক্রেতাকে জিজ্ঞেস করলেন, ভাই আমি যদি তোমার কাছে থেকে পাঁচ সের আলু কিনি, কটা আলু ফাউ দেবে?
শীতের সময় সেদিন বাজারে আলুর প্রচুর আমদানি। আলুওয়ালারা বললেন, পাঁচটা করে আলু ফাউ পাবেন পাঁচ সের আলু কিনলে। এর বেশি দিতে পারব না।
গোপাল তখন প্রত্যেক আলুওয়ালার ঝুড়ি থেকে পাঁচটা করে আলু তুলে নিয়ে বললেন, এই হাটে কেবল ফাউটা
নিলাম। সামনের হাটে তোমাদের সবার কাছ থেকে পাঁচ সের করে আলু কিনব।
সবাই হাঁ করে তাকিয়ে রইল গোপালের দিকে। গোপাল দিব্যি বিনা পয়সার আলু কিনে বাড়ি ফিরল। বাধ্য হয়েই প্রতিশ্রুতি অনুযায়ী গোপালকে দশ টাকা পুরস্কার দিলেন তার বন্ধু।