ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
মুন্সীগঞ্জে আরিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও থানায় বিক্ষোভ অগ্ন্যুৎপাতে বইছে আগুনের স্রোত, ভাইরাল ভিডিও স্নায়ুচাপ কাটিয়ে জয়ে চোখ মেক্সিকো কোচের গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা বিধিনিষেধ আরোপ সময়ের দাবি রাঙামাটির বরকল সীমান্তে বিজিবির অভিযানে রসুন ও সার জব্দ নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে গণপিটুনি মেসিকে ছাড়িয়ে গেলেন হ্যারি কেইন রিজার্ভ চুরিতে জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, বাংলাদেশের ১০ জন কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু সীমানা পুনর্নির্ধারণের জন্য এনডিএর আর ৬ ভোট লাগবে টুকটুক ও চিকু পাঠ থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর , ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত চট্টগ্রামের নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার টিভিতে আজকের খেলা দ্বিতীয় ম্যাচের আগে ‘মুখ বন্ধ রাখতে’ বললেন দক্ষিণ আফ্রিকার কোচ যেভাবে নির্ধারিত হবে সেরা ৮ ‘তৃতীয় দল’ কুড়িগ্রামে ট্রাক উল্টে রেলপথে, ভোগান্তিতে ট্রেনের যাত্রীরা বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে দর্শকদের দুয়োধ্বনি হজ শেষে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি জি৭ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমিই বস’ লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আদিতমারীতে শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার পাওনা টাকার বিরোধেই খুন হন আরিফ আবারও বাড়ল স্বর্ণের দাম ইরানের সঙ্গে চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু, আহত ৩ নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ চট্টগ্রামের অপহরণকারীদের হুমকিমূলক চিরকুট,নিখোঁজ শিশু
Nagad desktop

সাক্ষী শিয়াল

প্রকাশ: ১৬ মে ২০২৫, ০১:৫৪ পিএম
সাক্ষী শিয়াল
এঁকেছেন মাসুম

একজন সওদাগর একটি ঘোড়া নিয়ে বেড়াতে যাচ্ছিলেন। যেতে যেতে তার বড্ড ঘুম পেল। তখন তিনি ঘোড়াটিকে এক গাছে বেঁধে, সেই গাছের তলায় ঘুমিয়ে রইলেন।
এমন সময় এক চোর এসে সওদাগরের ঘোড়াটিকে নিয়ে চলে যাচ্ছে। সওদাগর ঘোড়ার পায়ের শব্দে জেগে উঠে বললেন, ‘কী ভাই, তুমি আমার ঘোড়াটিকে নিয়ে কোথায় যাচ্ছ?’
চোর তাতে ভারি রাগ করে বলে, ‘তোমার ঘোড়া আবার কোনটা হলো?’
শুনে সওদাগর আশ্চর্য হয়ে বললেন, ‘সে কী কথা! তুমি আমার ঘোড়া নিয়ে চলে যাচ্ছ, আবার বলছ কোনটা আমার ঘোড়া?’
দুষ্টু চোর তখন মুখ ভার করে বলে, ‘খবরদার! তুমি আমার ঘোড়াকে তোমার ঘোড়া বলবে না!’
সওদাগর বললেন, কী? আমি আমার ঘর থেকে ঘোড়াটাকে নিয়ে এলুম, আর তুমি বলছ সেটা তোমার?’
চোর বলে, ‘বটে। এটা তো আমার ওই গাছের ছানা। এক্ষুনি হলো। তুমি বুঝে শুনে কথা কও, নইলে বড় মুশকিল হবে।’
তখন সওদাগর গিয়ে রাজার কাছে নালিশ করলেন, ‘মহারাজ, আমি গাছে আমার ঘোড়াটি বেঁধে ঘুমুচ্ছিলুম, আর ওই বেটা এসে তাকে নিয়ে যাচ্ছে।’
রাজামশাই চোরকে ডেকে জিজ্ঞেস করলেন, ‘কী হে, তুমি ওর ঘোড়া নিয়ে যাচ্ছ কেন?’
চোর হাত জোড় করে বলে, ‘দোহাই মহারাজ। এটি কখনোই ওর ঘোড়া নয়। এটি আমার গাছের ছানা। ছানাটি হতেই আমি তাকে নিয়ে যাচ্ছিলুম, আর ওই বেটা উঠে বলছে কিনা ওটা ওর ঘোড়া, সব মিথ্যে কথা!’
তখন রাজামশাই বললেন, ‘এ তো ভারি অন্যায়। গাছের ছানা হলো, আর তুমি বলছ সেটা তোমার ঘোড়া। তুমি দেখছি বড় দুষ্টু লোক। পালাও এখান থেকে!’ বলে তিনি ঘোড়াটা চোরকেই দিয়ে দিলেন।
সওদাগর বেচারা তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে চললেন। খানিক দূরে গিয়ে এক শিয়ালের সঙ্গে তার দেখা হলো।
শিয়াল তাকে কাঁদতে দেখে বললেন, ‘কী ভাই? তোমার মুখ এমন ভার দেখছি যে! কী হয়েছে?’
সওদাগর বললেন, ‘আর ভাই, সে কথা বলে কী হবে? আমার ঘোড়াটি চোরে নিয়ে গেছে। রাজার কাছে নালিশ করতে গেলুম, সেখানে চোর বললে কিনা ওটা তার গাছের ছানা! রাজামশাই তাই শুনে ঘোড়াটি চোরকেই দিয়ে দিয়েছেন।’
এ কথা শুনে শিয়াল বললেন, ‘আচ্ছা, এক কাজ করতে পারো?’
সওদাগর বললেন, ‘কী কাজ?’
শিয়াল বললেন, ‘তুমি আবার রাজামশাইয়ের কাছে গিয়ে বলবে, মহারাজ, আমার একটি সাক্ষী আছে। আপনার বাড়িতে কুকুরদের ভয়ে সে আসতে পারছে না। অনুগ্রহ করে যদি কুকুর তাড়িয়ে দেওয়ার হুকুম দেন, তবে আমার সাক্ষীকে নিয়ে আসতে পারি।’
তা শুনে রাজামশাই তক্ষুনি সব কুকুর তাড়িয়ে দেওয়ার হুকুম দিয়ে বললেন, ‘আচ্ছা, এখন তোমার সাক্ষী আসুক।’
এসব কথা সওদাগর শিয়ালকে এসে বলতেই শিয়াল চোখ বুজে টলতে-টলতে রাজার সভায় এল। সেখানে এসেই সে দেয়ালে হেলান দিয়ে ঝিমুতে লাগল। রাজামশাই তো দেখে হাসতে হাসতে বললেন, ‘কী শিয়াল পণ্ডিত? ঘুমচ্ছ যে?’
শিয়াল আধ চোখে মিট মিট করে তাকিয়ে বললে, ‘মহারাজ, কাল সারা রাত জেগে মাছ খেয়েছিলুম, তাই আজ বড্ড ঘুম পাচ্ছে।’
রাজা বললেন, ‘এত মাছ কোথায় পেলে?’
শিয়াল বলল, ‘কাল নদীর জলে আগুন লেগে সব মাছ এসে ডাঙায় উঠল। আমরা সবাই মিলে সারা রাত খেলুম, খেয়ে কি শেষ করতে পারি!’
এ শুনে রাজামশাই এমনি ভয়ানক হাসলেন যে, আর একটু হলেই তিনি ফেটে যেতেন। শেষে অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, ‘এমন কথা তো কখনো শুনিনি! জলে আগুন লাগে, এও কি কখনো হয়। এ সব পাগলের কথা!’
তখন শিয়াল বললেন, ‘মহারাজ ঘোড়া গাছের ছানা হয় এমন কথাও কি কখনো শুনেছেন? সে কথা যদি পাগলের কথা না হয়, তবে আমার এই কথাটার কি দোষ হলো?’
শিয়ালের কথায় রাজামশাই ভারি ভাবনায় পড়লেন। ভেবে-চিন্তে শেষে তিনি বললেন, ‘তাই তো! ঠিক বলেছ। গাছের আবার কী করে ছানা হবে? সে বেটা তবে নিশ্চয় চোর।’
তখনই হুকুম হলো, ‘আন তো রে সেই চোর বেটাকে বেঁধে!’
অমনি দশ পেয়াদা গিয়ে চোরকে বেঁধে আনলেন। আনতেই রাজামশাই বললেন, ‘মার বেটাকে পঞ্চাশ জুতো।’
বলতে বলতেই পেয়াদারা তাদের নাগরা জুতো খুলে চটাস-চটাস চোরের পিঠে মারতে লাগলেন। সে বেটা পঁচিশ জুতো খেয়ে চেঁচিয়ে বললে, ‘গেলুম গেলুম। আমি ঘোড়া এনে দিচ্ছি। আর এমন কাজ কখনো করব না।’
কিন্তু তার কথা আর তখন কে শোনে। পঞ্চাশ জুতো মারা হলে রাজা বললেন, ‘শিগগির ঘোড়া এনে দে, নইলে আরও পঞ্চাশ জুতো!’
চোর তাড়াতাড়ি ছুটে গিয়ে ঘোড়া এনে দিল। তারপর তার নিজ হাতে তার নাক-কান মলিয়ে মাথা চেঁছে, তাতে ঘোল ঢেলে হতভাগাকে দেশ থেকে দূর করে দেওয়া হলো। সওদাগর তার ঘোড়া পেয়ে শিয়ালকে আশীর্বাদ করতে লাগল।

ঈদের ছড়া

প্রকাশ: ২২ মে ২০২৬, ০২:১২ পিএম
ঈদের ছড়া
এঁকেছেন মাসুম

লাল গরু

আবদুল লতিফ 

বাবার সাথে গেল খোকা 
ঈদের পশুর হাটে 
নানান রকম পশু দেখে 
খোকার সময় কাটে। 

নানান রঙের নানান পশু 
নানান রকম শিং 
কারও গলায় ঘণ্টা বাজে 
টুংটাং টিংটিং।

টুকটুকে লাল একটা গরু 
শিং দুটো তার বাঁকা 
খুব সুন্দর দেখতে যেন 
রংতুলিতে আঁকা।

এমন গরু দেখে খোকার 
জুড়ায় দুই নয়ন 
সেই গরুটা দেখে বাবারও 
ভরে ওঠে মন।

লাল গরুটা কিনে নিয়ে 
ফিরল বাড়ি শেষে 
ফিরল বাড়ি বাবা-ছেলে
খুশির নায়ে ভেসে।

 


কোরবানির পশু কেনা

মুহাম্মদ রফিক ইসলাম 

 

গেল খোকা
পশুর হাটে 
          ঈদের খুশি মনে,
লাল গরুটা
পছন্দ খুব
         দেখে জনে জনে।
খোকা বলে
কিনতে হবে
         এই গরুটা ভালো, 
ইয়া বড়
শিং আছে তার
         লেজখানি যার কালো।
মুচকি হেসে
বলেন বাবা
         নাও তাহলে এটা,
মনের খায়েশ 
পূর্ণ হলেই 
         আল্লাহ খুশি, ব্যাটা।

 

 


ঈদ এলে 

মো. দিদারুল ইসলাম 

 

ঈদ এলে ছেলে-বুড়ো রাত করে ভোর,
খুকুমণি হাতে তোলে মেহেদির ফোঁড়।

ঈদ এলে শহরের অলিগলি ফাঁকা,
অনেকেই ছেড়ে যায় রাজধানী ঢাকা।

ঈদ এলে সারা গাঁয়ে পড়ে যায় ধুম,
খোকনের চোখজুড়ে নাহি থাকে ঘুম।

ঈদ এলে গরিবের মনে নাই সুখ,
আঁখি সদা জলে ভরা দুখ আর দুখ।

ঈদ এলে উঁচু-নিচু ভেদাভেদ নাই,
সকলেই মিলেমিশে ঈদগাহে যাই।

 


ঈদ এল গাই চলো!

শ্যামল বণিক অঞ্জন 

 

খুশির পরাগে সাজে প্রজাপতি মন
উল্লাসে শোরগোলে মাতোয়ারা ক্ষণ! 
আকাশের কোণে হাসে এক ফালি চাঁন
ঈদ এল গাই চলো সাম্যেরই গান!
কোলাকুলি গলাগলি বুকে রাখি বুক
ঈদে থাক সকলেরই হাসিভরা মুখ!

রেজার লাল গরু

প্রকাশ: ২২ মে ২০২৬, ০২:০৪ পিএম
রেজার লাল গরু
এঁকেছেন মাসুম

ফুরফুরে বাতাস আর কাঁচা মাটির গন্ধে রেজার মনটা বেশ ফুরফুরে হয়ে আছে। বাবা সরকারি চাকরি করেন বলে সারা বছর ইটের দেয়ালে বন্দি থাকতে হয়। কিন্তু এবারের ঈদটা একদম অন্যরকম। ফুলপুরে দাদাবাড়ি মানেই অন্য এক জগৎ। রেজার বাপ-দাদারা খাঁটি ‘ধানিপানি’ গেরস্ত। উঠানভর্তি ধানের গোলা আর গোয়ালভর্তি গরু–এসব দেখেই রেজা বড় হয়েছে গল্পের ছলে।
গ্রামে আসার পর থেকে রেজার দিন কাটছে চাচাতো ভাই মাহিরের সঙ্গে। ওরা দুজনেই ক্লাস ফাইভে পড়ে, যেন হরিহর আত্মা। মাঠ-ঘাট আর বন-বাদাড় চষে বেড়ানোই এখন ওদের প্রধান কাজ। ঈদের দুদিন আগে শুরু হলো আসল উত্তেজনা–গরু কেনা।
হাটে গিয়ে রেজার সে কী আনন্দ! চারদিকে শত শত গরু। এর মধ্যেই হঠাৎ এক কাণ্ড ঘটল। একটা গরুর খুব কাছ দিয়ে যাওয়ার সময় সপাৎ করে রেজা একটা লাথি খেল। ব্যথা যতটা না লেগেছে, তার চেয়ে লজ্জা পেল বেশি। মাহির তো হেসেই কুটিপাটি! শেষমেশ চাচা এসে রেজার ধুলো ঝেড়ে দিয়ে হাসিমুখে বললেন, ‘আরে পাগলা। গরু তো একটু-আধটু গুঁতা-লাথি মারবেই। সাবধানে থাকতে হয়।’
অনেক খোঁজাখুঁজির পর বাবা আর চাচা মিলে বিশালাকার একটা লাল টুকটুকে বলদ কিনলেন। যেমন তার শিং, তেমনি তার গায়ের রং। রেজা শুরু থেকেই তার ফোনে ছবি তুলছিল। হাটে যাওয়া, দরদাম করা, আর শেষে লাল গরুর সঙ্গে বীরের মতো দাঁড়িয়ে ছবি তোলা–কিছুই বাদ রাখল না সে।
বাড়ি ফিরে এসেই রেজার নতুন মিশন শুরু হলো। বাবা, চাচা-চাচি, আর দাদা-দাদিকে নিয়ে উঠোনে একটা দারুণ ফ্যামিলি সেলফি তুলল। তার পর সেই বিশাল গরুর ছবির সঙ্গে ক্যাপশন দিয়ে ফেসবুকে পোস্ট করল–‘এবার কোরবানিতে জেলার সবচেয়ে বড় গরু কোরবানি দিচ্ছি আমরা!’
পোস্ট দেওয়া মাত্রই লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেল। মুহূর্তেই ছবিটা ভাইরাল। এমনকি দূর-দূরান্ত থেকে মানুষ সেই ‘বিশাল’ গরু দেখতে রেজার দাদাবাড়িতে ভিড় জমাতে লাগল। রেজা তো খুশিতে আত্মহারা!
কিন্তু গোল বাধল ঈদের আগের রাতে। চারদিকে চমৎকার জোছনা ফুটেছে। উঠোনটা যেন রুপালি আলোয় ভেসে যাচ্ছে। রেজার দাদা, যিনি স্থানীয় মসজিদের ইমাম, সবাইকে নিয়ে সেই উঠানে বসলেন। তবে আজ দাদাকে বেশ গম্ভীর দেখাচ্ছে।
দাদা রেজার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, ‘দাদুভাই, তুমি নাকি ফেসবুকে আমাদের কোরবানির খবর ছড়িয়ে দিয়েছ?’
রেজা গর্বের সঙ্গে বলল, ‘হ্যাঁ দাদা! সবাই বলছে আমাদের গরুটা নাকি জেলার সেরা।’
দাদা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘রেজা, কোরবানি তো কোনো প্রতিযোগিতা নয়। এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। গরু কত বড় হলো, দাম কত হলো–এসব জাহির করার নাম কোরবানি নয়। আমরা যদি মনে লৌকিকতা রাখি, তবে সেই ত্যাগের কোনো মূল্য নেই। লোক দেখানো ইবাদতকে ইসলামে পছন্দ করা হয়নি।’
দাদার কথাগুলো রেজার মনে তীরের মতো বিঁধল। সে বুঝতে পারল, সে নিজের অজান্তেই একটা পবিত্র বিষয়কে স্রেফ প্রচারের আলোয় নিয়ে এসেছে। নিজের ভুল বুঝতে পেরে রেজার চোখের কোণ ভিজে উঠল। সে তখনই ফোনটা বের করল এবং সবার সামনেই ফেসবুক থেকে সেই ভাইরাল হওয়া পোস্ট আর ছবিগুলো ডিলিট করে দিল।
জোছনা রাতে দাদা আশীর্বাদের হাত রেজার মাথায় বুলিয়ে দিলেন। রেজা বুঝতে পারল, বড় গরু কেনায় নয়, মনের অহংকার বিসর্জন দেওয়াতেই কোরবানির আসল সার্থকতা।

ক্যাবলা আর কোরবানির গরু

প্রকাশ: ২২ মে ২০২৬, ০২:০২ পিএম
ক্যাবলা আর কোরবানির গরু
এঁকেছেন মাসুম

সকাল থেকেই পাশের বাড়িতে যেন সাইরেন বাজছে, এমন উচ্চৈঃস্বরের প্যাঁ প্যাঁ ক্রন্দন।
পটলা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখল। হ্যা, যা ভেবেছে তাই ঠিক। ক্যাবলাটাই এই ক্রন্দন-সাইরেন বাজাচ্ছে। কিন্তু বিষয়টা কী? একটু 
দেখতে হয়।  
দরজা খুলে পা বাড়াল পটলা। ক্যাবলার মেজো কাকার কাছে জানতে পারল, কোরবানির গরুর সঙ্গে সেই সকাল থেকেই ক্যাবলাটা দুষ্টুমি শুরু করেছে। হঠাৎ গরুর পিঠে উঠে বসায় গরুর ছোটাছুটি এবং ক্যাবলা চিতপটাং। তেমন কিছু ব্যথা না পেলেও কান্নার জোর ক্রমেই বেড়ে চলেছে। সহ্য করতে না পেরে ওর বাবা কান্না-সন্ত্রাসের হাত থেকে বাঁচতে পাশের বাড়িতে গিয়ে উঠেছে। কত মানুষই তো কাঁদে, কিন্তু এমন বিশ্রী কান্না খুব একটা শোনা যায় না।
পটলা এগিয়ে গেল ক্যাবলার কাছে।
–কী রে, এখনো ফুল চার্জ? অনেক তো হলো, এবার থাম দেখি।
 পটলার কথা শেষ না হতেই বাড়ির উঠানে গড়াগড়ি দিয়ে ডাবল জোরে কান্না শুরু হলো। কান্নার গুঁতোয় পটলাও স্থান ত্যাগ করল দ্রুত।
গরুটাও আর সহ্য করতে পারল না। হুংকার দিয়ে দড়ি ছিঁড়ে ক্যাবলাকে তাড়া করল। মুহূর্তেই ক্যাবলার কান্না বন্ধ। বাবা গো মাগো বাঁচাও বাঁচাও বলে ছুটতে লাগল ক্যাবলা। তার পিছনে সমানতালে কোরবানির গরু লালু।
হাইস্কুলের মাঠে গিয়ে বড় আমগাছে উঠে প্রাণে বাঁচল বেচারা। কিন্তু গাছের তলায় দাঁড়িয়ে সমানে হাম্বা হাম্বা ডেকে তার সর্বশরীর কাঁপিয়ে তুলল লালুটা। এভাবেই কাটল ঘণ্টাখানিক।
গাছের ডালে ভয়ে কেঁপে কেঁপে নেতিয়ে পড়ল ছোঁড়াটা। শরীরে কাঁপুনি ধরে গেল। কিছুক্ষণের মধ্যেই লোক জড়ো হয়ে গেল গাছতলায়।
লালুটা কাউকে কিছু বলছে না। যেন তার একমাত্র টার্গেট গাছে চড়া ওই কান্না-সন্ত্রাসী ক্যাবলা। ওকেই তার চাই। ছোঁড়াটার বিশ্রী কান্নায় লালুটা খুবই বিরক্ত, রাগও হয়েছে খুব। এটা তার চোখের ভাষাতেই বুঝিয়ে দিচ্ছে।
দুপুরের পর বাবা-মা আর আত্মীয়-স্বজনের সহযোগিতায় গাছ থেকে নামানো হলো ক্যাবলাকে। যেন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরে আসা। লালুকেও নিয়ে যাওয়া হলো বাড়িতে। ক্যাবলা গাছ থেকে নেমেই নিজেই নিজের কান ধরে উঠবস করল কয়েকবার। বলল, ঢের শিক্ষা হয়েছে। আর দুষ্টুমি নয়। এখন থেকে রোজই অন্তত একটা ভালো কাজ করব। আমাকে সবাই ক্ষমা করো। 
 ক্যাবলার ওপর থেকে সবার রাগ চলে গেল। পরের দিনই মাটির ব্যাংকে জমানো টাকা দিয়ে পাঁচটি পথশিশুর জন্য ঈদের পোশাক কিনে দিল ক্যাবলা। বাবা-মা খুশি হলেন খুব। ক্যাবলাকে আদর করে টিলু কাকা বললেন, সামর্থ্য অনুযায়ী আমরা সবাই এবার ঈদে পাঁচজনকে না পারি, কমপক্ষে একটি পথশিশুকে ঈদে জামা কিনে দেব। আমাদের এলাকার একটা শিশুও যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। সবার আনন্দেই এবার ঈদ হবে প্রাণের ঈদ। সত্যিকারের ঈদ।
টিলু কাকার কথায় সবাই সমর্থন দিল। হাততালি দিল। হাত বাড়িয়ে দিল। অন্যরকম এক আনন্দে হেসে উঠল হিজলপুর।

বাঘের পিঠে মিলি

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৪:৩৯ পিএম
আপডেট: ১৫ মে ২০২৬, ০৪:৪০ পিএম
বাঘের পিঠে মিলি
এঁকেছেন মাসুম

বড় একটা বন। সেই বনে বাস করত বিশাল একটা বাঘ। বাঘটাকে সবাই মামা বলে ডাকত। বাঘটা খুব ভালো। কাউকে কিছু বলত না। সবার সাথে ভালোভাবে চলত। 
মিলি একদিন গেল ওই বনে। যেতেই সামনে হাজির হলো বাঘটি। 
মিলি ভয় করে বলল, ‘বাঘ মামা, তুমি হাসো কেন? তুমি কী আমাকে খেয়ে ফেলবে?’
বাঘ মুচকি হাসি দিয়ে বলল, ‘আরে না। তোমার খেলার সাথি হতে চাই।’
–তুমি আমার খেলার সাথি হবে?
মিলি হা হা হো হো হি হি হাসল। একটু ভেবে আরও একটু হাসল। সবগুলো দাঁত বের করে। হো হো হি হি করে। 
বাঘ বলল, ‘বাহ! বাহ! তোমার হাসি কী ভালো। আরও হাসো। আরও হাসো। হাসতে থাকো। আমি দেখতে থাকি।’
মিলি খুশি হয়ে বলল, ‘আমার খেলার সাথি হতে চাও ভালো কথা। আমার বাসায় যাবে কীভাবে? তোমাকে দেখলে সবাই মেরে ফেলবে।’
বাঘ বলল, ‘বিকেল হলে তুমি আসবে। আমরা এক সাথে খেলব। মজা করব। তোমাকে পিঠে নিয়ে ঘুরব।’
বাঘটির নরম কথায় মিলি খুব খুশি হলো। বলল, ‘তা হলে ঠিক আছে।’ তার পর বাঘ মিলিকে পিঠে তুলে নিল এবং সারা বন ঘুরে দেখাল। মজার মজার কথা শোনাল।
একটু পর মিলি ঘুম থেকে উঠল। আর বলল, ‘কই বাঘ! কই বন! কই আমি! ইশ! দুর ছাই। ওহ বুঝতে পেরেছি। তা হলে আমি ঘুমের ঘোরে বাঘের পিঠে ছিলাম।’
মিলি আবার হা হা হো হো হি হি করে হাসতে হাসতে ঘুমিয়ে পড়ল।

কুটুনের মা

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৪:৩৬ পিএম
কুটুনের মা
এঁকেছেন নিয়াজ চৌধুরী তুলি

কুটুনের মন খারাপ। আজ তার পরীক্ষার রেজাল্ট দিয়েছে। গণিতে কুটুন নম্বর কম পেয়েছে। গণিত বুঝতে তার অসুবিধা হয়। অসুবিধা হয় বলে অঙ্ক করতে ভয় পায়। ভয়ে কখনো কখনো সে অঙ্ক না করে পাশে সরিয়ে রেখে দেয়। তাতে তার গণিতে ফলাফল ভালো হয়নি।
কুটুন বসে আছে ঘরের বারান্দায়। মা এসেছেন। কুটুন ইশকুল থেকে ফিরে কিছু খায়নি। হাতমুখ ধুয়ে বারান্দায় চলে এসেছে। মা বললেন, ‘কুটুন, চলো ছাদে যাই। নতুন বাতাস এসেছে।’
মাথা ঘুরিয়ে কুটুন মাকে দেখতে পেয়েছে। মা কুটুনের মাথায় হাত রাখলেন। আচমকা কুটুনের কান্না পেয়ে গেছে। তবে সে কাঁদেনি। তার মনে প্রবল কৌতূহল দেখা দিয়েছে। মা বলেছেন ‘নতুন বাতাস এসেছে’। বাতাস কেমন করে নতুন হয় সে বুঝতে পারছে না। কুটুন উঠে পড়ল। সে মায়ের সঙ্গে ছাদে গিয়ে দাঁড়াল। 
মা বললেন, ‘বাতাস বয়ে যাচ্ছে বুঝতে পারছ?’
কুটুন বলল, ‘নতুন বাতাস এসেছে বুঝলে কীভাবে, মা?’
মা বললেন, ‘তুমি যখন ইশকুলে যাচ্ছিলে তখন কি বাতাস এমন ঠাণ্ডা ছিল?’
কুটুন অবাক হয়ে বলল, ‘না মা। তখন গরম লাগছিল। বাতাসে গরম ভাব ছিল।’
মা বললেন, ‘সেই গরম বাতাস চলে গেছে। সেখানে এসে পড়েছে এখন ঠাণ্ডা বাতাস। তাতেই বুঝেছি নতুন বাতাস এসেছে।’
কুটুনের ভালো লাগছে। মা কী সুন্দরভাবে বুঝিয়ে বললেন নতুন বাতাস এসেছে তা কীভাবে বোঝা গেছে। মায়ের হাতে ফানুস। মা ফানুস গুছিয়ে রাখলেন। ফানুসের ভেতর যেখানে আগুন জ্বালাতে হয়, মা সেখানে আগুন জ্বালিয়েছেন। মা আর কুটুন হাত উঁচু করে ফানুস উড়িয়ে দিল আকাশে। বাতাসে ভেসে ভেসে ফানুস ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে।
মা বললেন, ‘দেখো কুটুন, আমাদের ফানুস উপরে উঠে যাচ্ছে।’
কুটুন বলল, ‘মা, কত উপরে উঠবে এই ফানুস?’
মা বললেন, ‘অনেক উপরে। ওই মেঘেদের কাছে।’
ফানুস দেখতে ছোট হয়ে যাচ্ছে। ফানুস চলে গেছে মেঘের কাছাকাছি।
মা বললেন, ‘তুমি কি জানো কুটুন, ফানুস কেমন করে ওড়ে?’
কুটুন বলল, ‘ফানুসের ভেতর আগুন থাকে। ফানুসে যে আগুন আছে, সেই আগুনের তাপে ফানুসের ভেতরের বাতাস গরম হয়ে হালকা হয়েছে। হালকা বাতাস ফানুসকে উপরের দিকে উড়িয়ে নিয়ে যাচ্ছে।’ 
মা বললেন, ‘ফানুসে যদি আগুনের শিখা না থাকত তা হলে কি ফানুস উড়তে পারত?’
কুটুন বলল, ‘পারত না, মা। ওই আগুন হচ্ছে ফানুসের ওড়ার শক্তি। তা হলে আগুন না থাকলে ফানুস উড়বে কীভাবে!’
নরম গলায় মা বললেন, ‘তোমার মন খারাপ, বাবা!’
গণিতে কম নম্বর পেয়েছে। মাকে বলা হয়নি। কুটুন বলল, ‘হ্যাঁ মা। পরীক্ষার রেজাল্ট দিয়েছে। গণিতে নম্বর কম পেয়েছি। অঙ্কে খুব ভয় পাই।’ 
মা আকাশের দিকে তাকিয়ে আছেন। কুটুন তাকিয়েছে আকাশের দিকে। আকাশে ফানুস দেখা যাচ্ছে। মা বললেন, ‘তোমার ভেতরেও ফানুসের মতো আগুনের শিখা আছে। তুমি যাকে বলেছ শক্তি। তোমার ভেতরের সেই আগুন তুমি জ্বালাওনি বলে তোমার মন খারাপ হয়ে যায়।’
কুটুনের মন ভালো হয়ে গেছে। মনে হচ্ছে সত্যি তার ভেতর ফানুসের মতো আগুন আছে। সেই আগুনকে সে কাজে লাগাতে চায়।
মা বললেন, ‘কোনো একদিন অঙ্কের উত্তর মেলেনি বলে তুমি অংক করতে ভয় পাও। তুমি অংকের বই দূরে সরিয়ে রেখেছ। তাতে তোমার ভেতরের আগুনের শিখা নিভে গেছে। তুমি গণিতে ভালো করতে পারছ না।’ 
নিজের ভেতর শক্তি অনুভব করছে কুটুন। তার বিশ্বাস হচ্ছে সে চেষ্টা করলেই পারবে। মা বলেছেন তার ভেতর আগুনের শিখা আছে। সেই আগুন হচ্ছে শক্তি। নিজের ভেতরের শক্তিকে কাজে লাগাবে।
মাকে জড়িয়ে ধরেছে কুটুন। মা তার ভেতর নিভে যাওয়া আগুনের শিখা জ্বালিয়ে দিয়েছেন। এখন থেকে সে আর কিছুতেই ভয় পাবে না। ভয় পেলে নিজের ভেতরের আগুনের শিখা নিভে যায়। আগুনের শিখা নিভে গেলে শক্তি ফুরিয়ে যায়।
মা বললেন, ‘আকাশের তারা কখনো হারিয়ে যায় না। শুধু মেঘ তাদের ঢেকে রাখে। তোমার ভেতরের শক্তিও হারিয়ে যায়নি।’ 
কুটুন মাকে জড়িয়ে ধরে বলল, ‘মা তুমি খুব ভালো। আর কোনো দিন আমার মন খারাপ হবে না। আর কোনো কাজে ভয় পাব না।’ 
মা কুটুনের কাঁধে হাত রাখলেন। মা আর কুটুন দুজনই তাকিয়ে আছে আকাশে ফানুসের দিকে। কুটুনের চোখ পানিতে ভিজে উঠেছে। কুটুন কাঁদছে আনন্দে।