◉ অর্ধেক ভাগ
একবার হোজ্জা বাদশাহর জন্য কিছু উপহার নিয়ে যাচ্ছিল। গেটে প্রহরী হোজ্জাকে আটকে দিল। বলল, ‘তোমার উপহার আমাকে দাও, আমিই জাহাপনাকে দিয়ে আসব।’
কিন্তু হোজ্জা নিজেই উপহার দিয়ে আসতে চায়। এদিকে প্রহরীও নাছোড়বান্দা। শেষ পর্যন্ত হোজ্জা বলল, ‘ঠিক আছে, আমি ভেতরে গিয়ে বাদশাহর কাছ থেকে যা বকশিশ পাব, তার অর্ধেক তোমাকে দেব।’
এ কথা শুনে প্রহরী হোজ্জাকে ভেতরে যেতে দিল।
হোজ্জা দরবারে গিয়ে বাদশাহকে উপহার দেওয়ার পর বাদশাহ খুব খুশি হলেন এবং হোজ্জাকে জিজ্ঞাসা করলেন যে তার কী চাই?
হোজ্জা বলল, ৫০ ঘা বেত্রাঘাত!
দরবারের সবাই তো অবাক! এ কেমন উপহার চাওয়া? বাদশাহ যতই অন্য উপহার দিতে চান, হোজ্জা ততই বেতের বাড়ি নিতে চায়। মহামুসিবত। শেষ পর্যন্ত হোজ্জার জেদের কাছে হেরে গিয়ে বাদশাহ নির্দেশ দিলেন হোজ্জাকে বেত মারার।
২৫ ঘা বেত মারার পর হোজ্জা থামতে বলল। তারপর বাদশাহর দিকে তাকিয়ে বলল, ‘জাহাপনা, আমার পুরস্কারের একজন ভাগীদার আছে।’
বাদশাহ জানতে চাইলেন, ‘কে?’
তখন হোজ্জা দরবারে আসার পথে সব ঘটনা খুলে বলল। পুরো ঘটনা জানার পর বাদশাহ তখন ওই প্রহরীকে ডেকে আচ্ছাসে বেত্রাঘাত করে তার পাওনা মিটিয়ে দিলেন!
◉ অন্য গ্রামের মানুষ
হোজ্জা একবার পাশের গ্রামে গেল। কাজ শেষে ফেরার পথে এক লোক তাকে জিজ্ঞাসা করল, ‘ভাই সাহেব, আজ কী বার?’
হোজ্জা লোকটির দিকে তাকিয়ে বলল, ‘ভাই, আমি এই গ্রামের লোক না। অন্য গ্রামে থাকি। কাজেই এই গ্রামে আজ কী বার, আমার জানা নেই।’
এ কথা বলে হোজ্জা হন হন করে হেঁটে চলে গেল!