ভালোবেসে বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর বিয়ে করেছিলেন ভিন্ন ধর্মে। কিন্তু আট বছরের দাম্পত্য জীবন এখন বিচ্ছেদের মুখে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ১০ বছরের ছোট স্বামী মহসিন আখতার মীরের থেকে বিচ্ছেদ চেয়ে মামলা করেছেন অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমম সূত্রে জানা যায়, মুম্বাইয়ের একটি আদালতের একটি অজ্ঞাতনামা সূত্র এই তথ্য শেয়ার করেছে। বিচ্ছেদের কারণ এখনো প্রকাশ্যে আসেনি। সূত্রটি জানায়, ‘খুব ভেবেচিন্তেই মহসিনের সঙ্গে বিয়েতে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন উর্মিলা। ইতোমধ্যেই আদালতে ডিভোর্সের আবেদন করেছেন তিনি। বিচ্ছেদের কারণ এখনো জানা না গেলেও পারস্পরিক শর্তে বিবাহবিচ্ছেদ হচ্ছে না।’
২০১৪ সালে ডিজাইনার মনিশ মালহোত্রার ভাইঝির বিয়েতে কাশ্মীরের ব্যবসায়ী ও মডেল মহসিনের সঙ্গে উর্মিলার প্রথম দেখা হয়। সেখান থেকেই শুরু এই ভালোবাসার গল্প। ২০১৬ সালে উর্মিলা ও মহসিন অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়েছিলেন, তারপরে বিয়ে করেছিলেন। শুধু মুসলিম পাত্রকে বিয়ে করার জন্য বয়সের ফারাক নিয়েও কম কটাক্ষ শুনতে হয়নি উর্মিলাকে। দুজনের মধ্যে ১০ বছরের বয়সের ব্যবধান নিয়ে আলোড়ন পড়েছিল সামাজিক মাধ্যমে। তবে প্রকাশ্যে সবসময়ই নিজেদের সুখী দম্পতি হিসেবেই তুলে ধরেছেন তারা। উর্মিলা বলিউডে অনেক সিনেমায় কাজ করেছেন। তবে সেভাবে ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে পারেননি। একটা সময় গ্ল্যামার জগৎ থেকে অনেকটা হারিয়ে যান এই অভিনেত্রী। ২০১৯ সালে ভারতীয় কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন মুম্বাই থেকে। তবে জিততে পারেননি ওই নির্বাচনে।
জাহ্নবী