বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারের লক্ষ্যে নির্মিত হয়েছে নাটক ‘দৃষ্টিকোণ’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান। এতে অভিনয় করেছেন সালমান আরাফাত, সালহা খানম নাদিয়া, আরিফ হোসেন, আশরাফ হোসেন, জাহিদুল ইসলাম, অপু হাসান, ডেভোরা সিলভিয়া, সুজন, শামিম হোসেন ও ফাতেমা হীরা। আজ রাত ৯টা ০৫ মিনিটে নাটকটি বিটিভিতে প্রচারিত হবে।
নাটকের গল্পে দেখা যাবে, ঋক ও নেহা পাশাপাশি ফ্ল্যাটের দুই বাসিন্দা। বাড়ির মালিক প্রভাতের ভাগ্নে ঋক। আর নেহা থাকে বোন-দুলাভাইয়ের সঙ্গে। ঋক নেহার প্রতি যত্নশীল। অন্যদিকে নেহা ঠোঁটকাটা স্বভাবের। কারও মুখের ওপর উচিত কথা বলে ফেলা তার অভ্যাস। অফিসের বস থেকে শুরু করে বয়ফ্রেন্ড কেউই তার কথা থেকে রেহাই পায় না। আনুষ্ঠানিকভাবে ঋক ও নেহার বিয়ের কথাও শুরু হয়।
কিন্তু নেহার ব্যবহারের কারণে ঋকের মামা বিয়েতে আপত্তি তোলেন। ফলে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। একপর্যায়ে সম্পর্ক ভেঙে গেলে দুপক্ষের পরিবারই উপলব্ধি করে, তারা আলাদা হয়ে থাকলেও পরস্পরকে খুব ভালোবাসে। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।
/আবরার জাহিন