লরেন্স বিষ্ণোই ভারতে ও বলিউড পাড়ায় বর্তমান এক আতঙ্কের নাম। সঙ্গবদ্ধ সন্ত্রাসী কার্যক্রমের জন্য নতুন করে আবারও আলোচনায় এসেছে মুম্বাইয়ের প্রবীণ রাজনীতিবিদ বাবা সিদ্দিকীকে হত্যার দায় স্বীকার করার মাধ্যমে।
ইতোমধ্যেই এই গ্যাং বলিউড ভাইজান সালমান খানকেও হত্যার হুমকি দিয়েছে। এক বার্তায় জানিয়েছে, বাবা সিদ্দিকীর চেয়েও সালমান খানের করুণ পরিণতি করবে তারা। তবে ৫ কোটি টাকার বিনিময়ে সালমানকে কিছু না করার শর্তও জুড়ে দিয়েছে।
মিড-ডের এক প্রতিবেদন অনুসারে, ক্রমবর্ধমান হত্যার হুমকির পর নিজ নিরাপত্তায় এরই মধ্যে দুবাই থেকে কিনেছেন একটি বুলেটপ্রুফ গাড়ি। যার মূল্য ২ কোটি ভারতীয় রুপি। বাহিরের হামলা থেকে যাত্রীকে বাঁচানোর জন্য অত্যাধুনিক ডিজাইনে গাড়িটি বানানো হয়েছে। গাড়িটির উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বিস্ফোরক সতর্কতাব্যবস্থা, শক্তিশালী গ্লাস, যা স্বল্প দূরত্ব থেকে চালানো গুলিকেও আটকে দিতে সক্ষম। এ ছাড়া গাড়িতে রয়েছে উন্নত ছদ্মবেশ ধারণের প্রযুক্তি। যাতে যাত্রীকে শনাক্ত করা না যায়।
বলিউড তারকার এমন নিরাপত্তাব্যবস্থা এটাই প্রথম নয়। গত বছরও বিষ্ণোই গ্যাং হত্যার হুমকি দিলে তিনি বিদেশ থেকে একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছিলেন। এমন চলমান হুমকির মধ্যেও সালমানের পেশাগত কাজ থেমে নেই। নিয়মিত চালিয়ে যাচ্ছেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর শুটিং। তবে শুটিং সেট ও এর বাহিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। প্রতিদিন মোতায়েন থাকছে ৬০ জন নিরাপত্তারক্ষী।
হাসান