চলচ্চিত্র নির্মাতা অনম বিশ্বাস পরিচালিত ৭ পর্বের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তি পাচ্ছে ৮ নভেম্বর। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর ব্যানারে নির্মিত এ ওয়েব সিরিজে প্রথমবার দেখা যাবে হালের জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জমজমাট এক আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে ‘রঙিলা কিতাব’ সিরিজটির ট্রেলার। মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় ট্রেলারটি নিয়ে বেশ প্রশংসা করছেন নেটিজেনরা। সিরিজটিতে পরীমণির উপস্থিত দর্শকে মুগ্ধ করছে বলে জানান অনেকেই।
কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে নির্মিত এই সিরিজটিতে সুপ্তি চরিত্রে অভিনয় করছেন পরী। এতে তার বিপরীতে প্রদীপ চরিত্রে দেখা যাবে মোস্তাফিজ নূর ইমরানকে। যৌথভাবে সিরিজের চিত্রনাট্য লিখেছেন অনম ও আশরাফুল আলম শাওন।
পরীমণি বলেন, ‘আমার অভিনীত প্রথম সিরিজ এই ‘রঙিলা কিতাব’। কাজটি নিয়ে শুরু থেকেই আমি দারুণ এক্সসাইটেড ছিলাম। এমন একটা চরিত্রে কাজ করতে পেরে আমার সত্যিই খুব ভালো লেগেছে। আশা করছি দর্শক আমাদের কাজটা পছন্দ করবে, ভালোবাসবে।’
সুপ্তি চরিত্র প্রসঙ্গে পরী বলেন, ‘আমি ছাড়া সুপ্তি চরিত্রটি হতো না। সুপ্তিকে আমার দরকার হতো। অন্তত আমার জীবনে একটা ক্ষুধা থেকে যেত যে আমি সুপ্তি চরিত্রটি করতে পারিনি। এই আকাঙ্ক্ষা আমার মধ্যে থেকে যেত। আমি কোনো আফসোস জীবনে রাখতে চাই না। তাই সুপ্তি চরিত্রটি করেছি।’