ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা। তার গাওয়া অনেক গানই হয়েছে জনপ্রিয়। ফোক গানে আলাদা এক জায়গা তৈরি করেছেন তিনি। বর্তমানে নতুন নতুন গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি নিয়মিত স্টেজ শোতে অংশ নিচ্ছে এই গায়িকা। গত বৃহস্পতিবার চ্যানেল নাইনের ‘ক্লাব নাইন’ অনুষ্ঠানে সরাসরি সংগীত পরিবেশন করেছেন তিনি। এরই মধ্যে মাছরাঙা টিভির নিয়মিত শো ‘রূপকথা’ অনুষ্ঠানেরও রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন সালমা।
এ ছাড়া সম্প্রতি সালমার কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন একটি মৌলিক গান। গানের শিরোনাম ‘লক্ষ্মী ভাবীজান’। গানটি লিখেছেন সুহেল খান, সুর সংগীত করেছেন আকাশ মাহমুদ। গানটিতে সালমার সহশিল্পী হিসেবে আছেন এইচ আর ফারদিন খান ও রুমী খান। শিগগিরই আরও নতুন একটি গান প্রকাশ করবেন সালমা। গানের শিরোনাম ‘মনের নাগর’। গানটি লিখেছেন ও সুর করেছেন স্বাধীন বাবু।
সংগীতায়োজন করেছেন এম রহমান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। প্রকাশের অপেক্ষায় রয়েছে ‘দিলে লাগে টান’ শিরোনামের আরও একটি গান। এই গানের কথা লিখেছেন ও সুর করেছেন ওয়াহিদ হাসান। গানটিতে সালমার সঙ্গে গেয়েছেন জাকির হোসেন। এ ছাড়া এরই মধ্যে আরও চার-পাঁচটি মৌলিক গানের রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন করেছেন তিনি।
সালমা বলেন, ‘স্টেজ শোতে গাইতেই আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ, স্টেজ শোতে সরাসরি দর্শকের প্রতিক্রিয়া পাওয়া যায়। আবার শিল্পী হিসেবে নতুন মৌলিক গান প্রকাশেও আমার ধারাবাহিকতা রাখার চেষ্টা করি। গানের মাঝেই আপনাদের ভালোবাসার সালমা বেঁচে থাকতে চায়। কারণ গানইতো আমার প্রাণ।’
কলি