দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। গত বছর শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন ‘জওয়ান’ সিনেমায়। এই সিনেমায় অভিনয় করে ভারতসহ সারা বিশ্বেই সাড়া ফেলেছিলেন তিনি। এবার এই অভিনেত্রী দক্ষিণী সুপারস্টার অভিনেতা ও প্রযোজক ধানুশের বিরুদ্ধে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। এই চিঠিতে নয়নতারা তাদের একসঙ্গে কাজ করা সিনেমার একটি গান ব্যবহার করার জন্য এনওসি (অনাপত্তিপত্র) প্রত্যাখ্যান করার অভিযোগ করেছেন। ধানুশকে প্রতিহিংসাপরায়ণ এবং জঘন্য বলেও মন্তব্য করেছেন নয়নতারা।
এই ঘটনার সূত্রপাত হয়েছে তিন সেকেন্ডের একটি গানকে ঘিরে। জানা গেছে, নয়নতারার ব্যক্তি এবং কর্মজীবন নিয়ে তৈরি একটি ডকুমেন্টারি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে নেটফ্লিক্স। এ ডকুমেন্টারিতে নয়নতারার অভিনয় করা ২০১৫ সালের সিনেমা ‘নানুম রাউডি ধান’-এর একটি গানের তিন সেকেন্ডের অংশ বিশেষ ব্যবহার করার জন্য ধানুশের কাছে এনওসি চেয়েছিলেন নয়নতারা। এর জন্য নাকি ১০ কোটি রুপি দাবি করেছেন ধানুশ। আর এ কারণেই ধানুশের ওপর চটেছেন এই অভিনেত্রী। ইন্সটাগ্রামে একটি খোলা চিঠি শেয়ার করে সেখানে নয়নতারা ও তার স্বামী পরিচালক ভিগনেশ শিবানের বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ পোষণ করার জন্য ধানুশকে অভিযুক্ত করেছেন এই অভিনেত্রী। তিন সেকেন্ডের গানের অংশ বিশেষের জন্য ১০ কোটি দাবি করাকে নিচ মানসিকতা বলেও উল্লেখ করেন তিনি।
নয়নতারা তার খোলা চিঠিতে লিখেছেন, ‘আপনি সেই সিনেমাটি মুক্তির আগে যেসব কথা বলেছিলেন, তা আমি ভুলিনি। অথচ সিনেমাটি সবার কাছেই জনপ্রিয়তা পেয়েছিল। সিনেমাটি ব্লকবাস্টার হওয়ার পর বুঝেছি যে, আপনার অহংকার চরমভাবে আঘাত পেয়েছে।’
‘নানুম রাউডি ধান’ মুক্তির পর তার অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন নয়নতারা। এরপর বক্তৃতায় তিনি বলেছিলেন, প্রযোজক ধানুশ নাকি সিনেমাটিতে তার অভিনয় পছন্দ করেননি। তিনি বলেছিলেন, ‘আমাকে ধানুশের কাছে দুঃখিত বলতে হবে, কারণ তিনি এই সিনেমায় আমার অভিনয়কে একেবারেই পছন্দ করেননি। আপনাকে হতাশ করার জন্য দুঃখিত ধানুশ। আমি পরেরবার আরও ভালো করার চেষ্টা করব।’
উল্লেখ্য, নয়নতারার নেটফ্লিক্স ডকুমেন্টারিটি তার জন্মদিনের সঙ্গে মিল রেখে আজ মুক্তি পাবে।
হাসান