রকস্টার জেমস। অনেক দিন নতুন গান প্রকাশ না করলেও স্টেজ শোতে সরব তিনি। দেশ এবং দেশের বাইরে নিয়মিত স্টেজ শোতে পারফর্ম করেন এই নগরবাউল তারকা। এবার প্রথমবার সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন এই সুপারস্টার গায়ক।
আগামী ২২ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো রিয়াদে যাচ্ছেন জেমস। সেখানে একটি কনসার্টে গাইবেন তিনি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর।
এ সম্পর্কে তিনি বলেন, ‘আগামী ২২ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদে যাচ্ছে নগরবাউল। সেখানে একটি অনুষ্ঠানে গাইবেন জেমস। এর আগে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করলেও সৌদিতে এটি আমাদের প্রথম সফর। কনসার্টে দর্শকরা বিনামূল্যে গান শুনতে পারবেন। কনসার্ট করতে আগামী ২০ নভেম্বর আমরা সৌদির উদ্দেশে রওনা করব।’
রক্ষণশীলতার মোড়ক থেকে দেশের মানুষকে বের করে আনতে নানা উদ্যোগ নিচ্ছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ভিশন-২০৩০ পরিকল্পনার আওতায় ২০১৮ সালে বিনোদন জগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে খুলে দেওয়া হয় সৌদির সিনেমা হল। আয়োজন করা হয় চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে কনসার্ট, ফ্যাশন শো ইত্যাদির। এরই ধারাবাহিকতায় আরেকটি উদ্যোগ ‘রিয়াদ সিজন’। সৌদির মিনিস্ট্রি অব মিডিয়ার আমন্ত্রণে এবারের রিয়াদ সিজনে অংশ নিচ্ছে ৯টি দেশ। এর মধ্যে আছে দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। ১২ অক্টোবর শুরু হওয়া ৪৫ দিনের এই আয়োজন শেষ হবে আগামী ৩০ নভেম্বর।
হাসান