দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। দক্ষিণের পাশাপাশি বলিউডেও সমান জনপ্রিয় তিনি। সম্প্রতি উত্তর বনাম দক্ষিণ ভারতের সিনেমা নিয়ে বিতর্কে উত্তাল চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। এবার এই বিভাজন নিয়ে চলমান বিতর্কে মুখ খুললেন তামান্না। তার মতে, বিষয়টি নিয়ে ক্রমাগত আলোচনা কেবল বিশৃঙ্খলা এবং বিভাজনই তৈরি করছে।
তামান্না সম্প্রতি সাহিত্য আজতক ২০২৪-এর একটি সেশনে যোগ দিয়ে এই বিতর্কটি নিয়ে কথা বলেন। ইন্ডিয়া টুডে অনুসারে, সেখানে তার সঙ্গে আরও যোগ দিয়েছিলেন ‘সিকান্দার কা মুকাদ্দার’র সহ-অভিনেতা অবিনাশ তিওয়ারি ও জিমি শেরগিল।
উত্তর-দক্ষিণ বিতর্ক সম্পর্কে কথা বলতে গিয়ে তামান্না বলেন, ‘এখন আমাদের ইন্ডাস্ট্রিতে এক হওয়ার সময় হয়েছে। আমাদের উচিত উভয় ইন্ডাস্ট্রির একত্রিত হওয়া এবং একটি প্রকৃত প্যান-ইন্ডিয়া সিনেমা তৈরি করা। একে অপরের বিরুদ্ধে অবস্থান নেওয়াটা আমরা দীর্ঘকাল ধরে দেখে আসছি, যেটি দিন দিন আরও বাজে পরিস্থিতির সৃষ্টি করছে।’
তিনি আরও বলেন, ‘তবে এটা মানতে হবে যে, আমাদের সিনেমার মান এখন আন্তর্জাতিকভাবে আগের চেয়ে আরও বৃদ্ধি পেয়েছে। ভারতীয় ছবির দর্শক বেড়েছে। তারা সিনেমা দেখতে চায়। তাই আমাদের উত্তর-দক্ষিণ বাধা বাদ দিতে হবে। সিনেমা একটি যৌথ শিল্পকর্ম। আপনি যে সিনেমাতেই কাজ করেন না কেন, সেটি নতুন অভিজ্ঞতার জন্ম দেবে’।
উল্লেখ্য, তামান্না ভাটিয়া, অবিনাশ তিওয়ারি ও জিমি শেরগিল অভিনীত ‘সিকান্দার কা মুকাদ্দার’ সিনেমাটি ২৯ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে।
হাসান