দীর্ঘ ২৯ বছর সংসার করার পর সম্প্রতি বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন সঙ্গীত পরিচালক, সুরকার ও শিল্পী অস্কারজয়ী এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। সম্পর্কের বেড়াজাল ছিন্ন করলেও এখনো সায়রার চোখে তার সাবেক স্বামীই ‘বিশ্বের সেরা পুরুষ’।
সাবেক এই দম্পতির বিচ্ছেদের পর থেকেই তাদের নিয়ে চারদিকে নানা ধরনের গুঞ্জন ডালপালা মেলেছে। এর জবাবেই নিজের সদ্য সাবেক প্রাক্তনকে নিয়ে এমন মন্তব্য করেন সায়রা। এছাড়াও তাদের নিয়ে কোনো প্রকার মিথ্যা তথ্য না ছড়ানোর বিষয়ে সবাইকে অনুরোধ করেন তিনি।
এ নিয়ে রোববার এক অডিও বার্তায় সায়রা বলেন, ‘আমি বর্তমানে মুম্বাইয়ে আছি। গত কয়েক মাস শারীরিকভাবে অসুস্থ ছিলাম তাই সবকিছু থেকে একটু বিরতি নিয়েছি। কিন্তু এখন দেখতে পাচ্ছি, আমাদের নিয়ে প্রতিনিয়ত অনেক মুখরোচক গল্প ছড়ানো হচ্ছে। আমি সবাইকে বিশেষ করে ইউটিউব এবং তামিলের গণমাধ্যমকে অনুরোধ করছি, এ আর রহমানকে নিয়ে বাজে কিছু বলবেন না যা তার জন্য অসম্মানজনক। তিনি মানুষ হিসেবে অসাধারণ, বিশ্বের সেরা পুরুষ।’
এ আর রহমানের ব্যান্ড দলের বেজ গিটারিস্ট মোহিনি দেরও ওই একই দিনে ডিভোর্স হয়েছিল। এরপর থেকেই চারিদিকে গুঞ্জন, তাদের মধ্যে পরকীয়ার কোনো সম্পর্ক আছে কি না। এ প্রসঙ্গে নিয়ে সায়রা বলেন, ‘এ আর রহমান কারও সঙ্গে সম্পর্কে জড়িত নন। আমি তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি এবং খুব ভালোবাসি। কোনো নতুন সম্পর্কের জন্য আমাদের বিচ্ছেদ হয়নি। আমাদের বিষয়টা অন্যরকম। তাই অনুগ্রহ করে তাকে নিয়ে মিথ্যা গল্প রটাবেন না।’
সায়রা আরো জানান, শত ব্যস্ততার মাঝেও এ আর রহমান তার স্বাস্থ্য-চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন। মুম্বাইয়ে তিনি এখন চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে গেলেই তিনি চেন্নাইয়ে ফিরে আসবেন। এছাড়াও রহমানের সুনাম নষ্ট হয় এমন কিছু না করতে সকলের প্রতি আহ্বান জানান সায়রা।
এদিকে এ আর রহমানের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) তার আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদ নিয়ে যারা যারা আপত্তিজনক পোস্ট করছেন কিংবা ভিডিও ছড়াচ্ছেন তারা অবিলম্বে সেগুলো না সরিয়ে নিলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মানহানি মামলার ব্যবস্থা নেয়া হবে।
বিচ্ছেদের পর সাবেকত স্ত্রীর সঙ্গে এ আর রহমান তার সম্পত্তি ভাগাভাগি করছেন কিনা গত কয়েকদিন যাবৎ এমন গুঞ্জন ভারতীয় মিডিয়া ও নেটপাড়ায় ভাসছে। দুজনের মধ্যে নাকি সম্পত্তি ভাগাভাগির শর্ত ছিল। এ আর রাহমানের সম্পদের পরিমাণ ২০০০ কোটিরও বেশি। যার প্রায় অর্ধেকটা পেতে যাচ্ছেন সায়রা। অর্থাৎ, রাহমানের বিপুল সম্পত্তির অর্ধেক অংশ খোরপোশ হিসেবে পাবেন সায়রা বানু।
তবে এমন বিষয় নজরে আসলে তা পরিষ্কার করেছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘ভারতীয়দের ধারণা, বিচ্ছেদের পর ভরণপোষণের জন্য স্বামীর মোট সম্পত্তির অর্ধেক অংশ বিচ্ছিন্ন স্ত্রী পাবেন। এই ধরনের কোনও আইন এখনও নথিভুক্ত হয়নি। এই আইন তাই রহমান-সায়রা বানুর ক্ষেত্রেও একই ভাবে প্রযোজ্য নয়।’
তবে এই আইসজীবী জানিয়েছেন আদালতে এ আর রহমান তার মোট সম্পত্তির পরিমাণ জানিয়েছেন। এবার সায়রা বানু যা দাবি করবেন সেটি পরিস্থিতি অনুযায়ী আদালত বিবেচনা করবে।
হাসান