মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট। সম্প্রতি বিশাল এক সুখবর পেয়েছেন এই সংগীতশিল্পী। গত ২৮ নভেম্বর বিলবোর্ড সুইফটকে ২১ শতকের দ্বিতীয় সেরা পপ তারকা হিসেবে ঘোষণা দিয়েছে। এর পরও একটি বিষয়ে নাকি বেশ ক্ষুব্ধ তিনি। ট্রিবিউন অনুসারে, তাকে শ্রদ্ধা জানিয়ে প্রকাশ করা ভিডিওর একটি অংশ নিয়ে রাগান্বিত হয়েছেন এই তারকা।
গতকাল বিলবোর্ড তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে টেইলর সুইফটকে শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিও পোস্ট করে। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘টেইলর সুইফট বিলবোর্ডের ২১ শতাব্দীর সেরা পপ তারকাদের তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছেন (রৌপ্য পদক ইমোজি)।’ এ পর্যন্ত সব ঠিকই ছিল তবে বিপত্তি বেঁধেছে এর পর।
শ্রদ্ধা জানানো ভিডিওর একটি অংশে ক্যানিয়ে ওয়েস্ট ওরফে ইয়ের ২০১৬ সালের বিখ্যাত মিউজিক ভিডিওর ফুটেজ দেখানো হয়েছে। সেখানে টেইলরের একটি নগ্ন মূর্তি দেখানো হয়েছে। আর এ নিয়েই শুরু হয় বিতর্ক। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভিডিওতে মন্তব্য করেছেন, ‘টেইলর সুইফটের কাছে জনসম্মুখে ক্ষমা চান’। আরেকজন লিখেছেন, ‘যা ঘটেছে তা সত্যিই ঘৃণ্য।’ অন্য জনের মন্তব্য, ‘আপনারা নোংরা কাজ করেছেন। ক্ষমাপ্রার্থী।’
এর কয়েক ঘণ্টা পর অবশ্য বিলবোর্ড তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের সাইটগুলো থেকে ভিডিওটি সরিয়ে নেয় এবং ভিডিওর সেই বিতর্কিত ফুটেজটি বাদ দিয়ে পুনরায় ভিডিও পোস্ট করে। যার ক্যাপশনে ক্ষমা প্রার্থনা করে তারা লেখে, ‘আমরা টেইলর সুইফট এবং আমাদের সব দর্শকের কাছে ক্ষমাপ্রার্থী। সুইফটের অর্জন উদযাপনের জন্য ব্যবহৃত ভিডিওর একটি ক্লিপ তাকে বাজেভাবে প্রকাশ করেছিল। ভিডিও থেকে সেই ক্লিপটি আমরা সরিয়ে দিয়েছি এবং এমন ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
উল্লেখ্য, বিলবোর্ড ২১ শতকের সর্বশ্রেষ্ঠ পপ তারকা হিসেবে বিয়ন্সেকে পুরস্কৃত করেছে।
হাসান