ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। বর্তমানে বলিউডেও ব্যস্ত তিনি। তবে গত কিছুদিন ধরে সময়টা খুব ভালো যাচ্ছে না তার। এই অভিনেত্রী ও তার পরিবারের ওপর থেকে শনির দশা যেন কাটছেই না। নিজের ভাই এবং স্বামীকে নিয়ে পাওয়া দুঃসংবাদের পর এবার নিজেকে নিয়েও দুঃসংবাদ দিলেন এই অভিনেত্রী।
গত জুলাই মাসে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন রাকুল প্রীতের ভাই। পরে তার স্বামী-শ্বশুরের প্রযোজনা প্রতিষ্ঠান পূজা এন্টারটেইনমেন্টও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে। এদিকে নিজের জন্মদিনের আগ মুহূর্তে এসে পিঠে গুরুতর চোট পেয়েছেন রাকুল। অবস্থা গুরুতর হওয়ায় ১০ দিন শয্যাশায়ী ছিলেন তিনি। তবে ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এই অভিনেত্রী।
রাকুল প্রীত বলেন, ‘গত ৫ অক্টোবর জিমে গিয়ে ৮০ কেজি ওজনের একটি ডেডলিফট তুলতে গিয়েই চোটটা পেয়েছিলাম। তখনই আমার টেলবোনে ব্যথা অনুভব করেছিলাম কিন্তু ওয়ার্ক আউট বন্ধ করিনি আর এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। এমনকি জিম শেষে সরাসরি সেটে গিয়ে শুটিংও করেছি। কিন্তু সেদিন সন্ধ্যায় আমার মারাত্মক ব্যথা উঠে। তবে তখনো বিষয়টি আমি সেভাবে গুরুত্ব না দিয়ে শুটিং চালিয়ে গিয়েছিলাম।’
জন্মদিনের ঘটনা সম্পর্কে রাকুল বলেন, ‘১০ তারিখে আমার কোমরের ব্যথা অনেক বেড়ে যায়। ব্যথা এতটাই বেশি ছিল যে, জন্মদিনের পার্টির জন্য আমি প্রস্তুতও হতে পারছিলাম না। মনে হচ্ছিল, শরীরের ওপরের অংশ থেকে নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপরই আমি জ্ঞান হারিয়ে ফেলি। এ কারণে টানা ১০ দিন আমি শয্যাশায়ী ছিলাম।’
তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও কয়েক দিন লাগতে পারে বলেও আভাস দিয়েছেন রাকুল। তিনি বলেন, ‘সাধারণত এ ধরনের চোট কাটিয়ে উঠতে ৬-৮ সপ্তাহের মতো সময় লাগে। এখন আমি ষষ্ঠ সপ্তাহ অতিক্রম করছি। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠব।’
হাসান