বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বাংলাদেশের পাশাপাশি ভারতেও জনপ্রিয় তিনি। দেশ-বিদেশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে তার অসংখ্য ভক্ত। এবার ভারতের পশ্চিমবঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের হুমকি দিয়েছে ভারতের কট্টরপন্থি হিন্দুত্ববাদী একটি সংস্থা।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ২৮ ডিসেম্বর কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর-লাগোয়া মধ্যমগ্রাম পৌরসভার ১৯তম পরিবেশ মেলা অনুষ্ঠিত হবে। এটি চলবে আগামী বছরের ১ জানুয়ারি পর্যন্ত। এই মেলার উদ্বোধনী দিন সন্ধ্যায় মঞ্চে গান গাওয়ার কথা রয়েছে রেজওয়ানা চৌধুরী বন্যার। এই অনুষ্ঠানটি বয়কটের ডাক দেওয়া হয়েছে। তবে হিন্দুত্ববাদীদের এই হুমকিকে প্রশ্রয় দিচ্ছে না বলে জানান পশ্চিমবঙ্গ প্রশাসন।
এ প্রসঙ্গে মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রশাসক অরবিন্দ মিত্র গণমাধ্যমকে বলেন, ‘শিল্পীর কোনো দেশ-জাতি-ধর্ম হয় না। যেকোনো হুমকি প্রতিরোধে তারা প্রস্তুত। মধ্যমগ্রামে অনুষ্ঠান সম্পন্ন করতে রেজওয়ানা চৌধুরীকে সব ধরনের নিরাপত্তা দেবে পশ্চিমবঙ্গ প্রশাসন। এসব হিন্দুত্ববাদী সংস্কৃতি জগতের এবং বাঙালি সমাজের কলঙ্ক।’
অন্যদিকে পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ গণমাধ্যমকে বলেন, ‘এই ধরনের বয়কটের ডাক প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে বলা হয়েছে।’
উল্লেখ্য, চলতি বছর আন্তর্জাতিক সংগীতশিল্পী হিসেবে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক শিল্পী সম্মান ‘পদ্মশ্রী’ পুরস্কার পেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা।
হাসান