জনপ্রিয় নাট্যনির্মাতা ও অভিনেতা সালাহ উদ্দিন লাভলু পরিচালিত ‘সোনার পাখি রুপার পাখি’ ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন আরফান আহমেদ, তাহমিনা সুলতানা মৌ ও নিলয় আলমগীর। ধারাবাহিকটি জনপ্রিয়তা পেয়েছিল। এবার একসঙ্গে একটি নাটকে আরফান আহমেদ, তাহমিনা সুলতানা মৌ, নিলয় ও হিমি প্রথমবার অভিনয় করলেন।
নাটকটির নাম ‘রক্তের বাঁধন’। এটি নির্মাণ করেছেন তরুণ নাট্যনির্মাতা তানভীর তন্ময়। নাটকটি রচনা করেছেন জুবায়ের ইবনে বকর। ইতোমধ্যেই রাজধানীর অদূরে গাজীপুরের একটি শুটিং হাউসে এর শুটিং সম্পন্ন হয়েছে। এ সম্পর্কে পরিচালক তানভীর তন্ময় জানান, রক্তের বাঁধন একটি পারিবারিক গল্পের নাটক। সংসারে ভাবি আসার কারণে দুই ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরি করতে গিয়ে শুধুই ভালোবাসার কারণে সংসারটা টিকে যায়।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আরফান বলেন, ‘এই ধরনের গল্পে এখন নাটক নির্মাণ খুব কম হয়। অনেক দিন পর মৌ, নিলয়ের সঙ্গে কাজ করতে গিয়ে লাভলু ভাইয়ের ধারাবাহিক নাটকের সময়টা বারবার চোখে ভাসছিল। নিলয় অভিনয়ে আগের চেয়ে অনেক পরিপূর্ণ, হিমিও দারুণ অভিনয় করে। আর আমার সহশিল্পী মৌ সব সময়ই চমৎকার অভিনয় করে।’
মৌ বলেন, ‘নাটকটি প্রচারের অপেক্ষায় আছি আমি। কারণ গল্পটা দারুণ। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।’
নিলয় বলেন, ‘তানভীর মূলত একজন এডিটর। কিন্তু যখন কোনো ভালো গল্প তার কাছে আসে, তখন নির্মাণে আগ্রহ প্রকাশ করেন। রক্তের বাঁধন ঠিক তেমনি একটি গল্প। যে কারণে এই নাটকে অভিনয় করা। মূলত এই নাটকটার গল্পটা ব্যতিক্রম এবং পরিচালক চেষ্টা করেছেন একটু ভিন্নভাবে গল্পটা তুলে ধরার। আরফান ভাই, মৌ আপা ও হিমির সঙ্গে একই টিমের হয়ে কাজ করেও ভীষণ ভালো লাগল।’
পরিচালক তন্ময় তানভীর জানান, নাটকটি শিগগিরই এলবিসি ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে।
হাসান