আরিয়ানা গ্রান্ডে- জনপ্রিয় মার্কিন পপতারকা। গানের মাধ্যমে নিজেকে নিয়ে গেছেন আন্তর্জাতিক অঙ্গনে। তবে অভিনয় জগতেও নিজের মেধাকে জানাল দিলেন সঙ্গীতশিল্পী। গত ২২ নভেম্বর মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘উইকেড’। মুক্তির পর থেকেই সিনেমায় ‘গ্লিন্ডা’ চরিত্রে দারুণ অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছিলেন আরিয়ানা। এবার শুনলেন খুশির সংবাদ- সিনেমাটিতে অভিনয়ের জন্য পাচ্ছেন ‘রাইজিং স্টার অ্যাওয়ার্ড’।
পাল্ম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ সম্প্রতি এ ঘোষণা দেন। আগামী বছরের ২ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত উৎসবটি চলবে।
চলচ্চিত্র উৎসবটির পরিচালক নাচত্তর সিং চান্দি আরিয়ানাকে অ্যাওয়ার্ড প্রদান প্রসঙ্গে বলেন, ‘‘উইকেড’ সিনেমায় আরিয়ানার অভিনয় ছিল অত্যন্ত নিখুঁত। আমরা তাকে ‘রাইজিং স্টার অ্যাওয়ার্ড’ দিয়ে সম্মানিত করতে পেরে গর্বিত।’ এর আগে এ পুরস্কার পেয়েছেন গ্যাল গ্যাডট (ওয়ান্ডার ওম্যান), টেরেন্স হাওয়ার্ড (হাসেল অ্যান্ড ফ্লো), আনা কেন্ড্রিক (আপ ইন দ্য এয়ার), স্কারলেট জোহানসন (লস্ট ইন ট্রান্সলেশন), জেনিফার লরেন্স (উইন্টারস বোন) এবং আলিসিয়া ভিকান্ডার (দ্য ডেনিশ গার্ল এবং এক্স মাচিনা) ।
নিজের অভিনয় সম্পর্কে সিনেমাটি মুক্তির পর এক সাক্ষাৎকারে আরিয়ানা গ্রান্ডে বলেন, ‘প্রথমদিকে এই চরিত্রের জন্য আমি কিছুটা দ্বিধায় ছিলাম। কারণ আমার কাছে ‘গ্লিন্ডা’ চরিত্র সম্পর্কে আগে কোনো স্পষ্ট ধারণা ছিল না। তাই দর্শকের কাছে এ চরিত্রটি আমি কতটা ফুটিয়ে তুলতে পারব এ নিয়ে চিন্তিত ছিলাম। কারণ আমি সংগীতের মানুষ। আমার ভক্তরা আমাকে এ চরিত্রে দেখে কতটা আনন্দ পাবে, তা নিয়েও ভাবনা ছিল। আমাকে যারা মূলত পপ তারকা হিসেবে জানেন, তাদের পক্ষে এ চরিত্রটি দেখতে কিছুটা অস্বাভাবিক লাগতে পারে।’
জন এম চু নির্মিত ‘উইকড’ সিনেমায় আরিয়ানা ছাড়াও অভিনয় করেছেন জোনাথন বেইলি, ইথান স্টোর, বোয়েন ইয়াং, মারিসা বোডে, পিটার ডিঙ্কলেজ, মিশেল ইয়েওহ, জেফ গোল্ডব্লামের মত তারকারা।
হাসান