প্রথম বাংলাদেশি হিসেবে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ (আইসিএইচ)-এর নির্বাহী বোর্ডে নৃত্যশিল্পী ও গবেষক লুবনা মারিয়াম নির্বাচিত হয়েছেন। ২০২৪-২০২৬ সেশনের জন্য সংস্থাটির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন তিনি। এর আগে গত ৩ ডিসেম্বর অনলাইনে ২৮০টি আন্তর্জাতিক সংস্থার ভোট পান তিনি।
বাংলাদেশসহ এর আশেপাশের অঞ্চলের নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও সেগুলোর গৌরবগাঁথা বিশ্বে ছড়িয়ে দেওয়ার অবদানের জন্য সংস্থাটির নির্বাহী বোর্ডে লুবনা মারিয়ামকে বোর্ড সদস্য নির্বাচন করা হয়েছে।
আইসিএইচ এনজিও ফোরামের নির্বাহী বোর্ডে লুবনা মারিয়ামের সংযুক্তি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং এর অংশীজনদের আন্তর্জাতিক স্বীকৃতিকে আরও উজ্জ্বল করবে। বর্তমানে তিনি ইউনেস্কো স্বীকৃত আন্তর্জাতিক সাংস্কৃতিক সংস্থা ‘সাধনা: অ্যা সেন্টার ফর অ্যাডভান্সমেন্ট অব সাউথ এশিয়ান কালচার’-এর শিল্পনির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের একজন গর্বিত সৈনিকও ছিলেন্ তিনি।
আইসিএইচ-এর মতো এমন সম্মানজনক ও গুরুত্বপূর্ণ জায়গার সদস্য নির্বাচিত হওয়ার পর নিজের পরিকল্পনা গণমাধ্যমে তুলে ধরেন লুবনা মারিয়াম।
তিনি বলেন, ‘সারা পৃথিবীতেই সরকারের সঙ্গে এনজিওর একটা দূরত্ব রয়েছে। আমার নির্বাচনী ইশতেহার ছিল আইসিএইচ নিয়ে কীভাবে সরকারের সঙ্গে আমরা কাজ করতে পারি। আমরা যত কাজই করি না কেন, একটি দেশে সেসব বাস্তবায়ন করতে হবে সরকারকে। আমি সেই চেষ্টাই করবো, যাতে সরকার দেশের সাংস্কৃতিক ঐতিহ্যগুলোর ব্যাপারে সজাগ হয়।’
ইউনেস্কো স্বীকৃত এনজিওগুলোর মধ্যে যোগাযোগ, সহযোগিতা এবং নেটওয়ার্কিংকে উৎসাহিত করে আইসিএইচ। ২০০৩ সালের ইউনেস্কো কনভেনশনের উদ্দেশ্যগুলি বাস্তবায়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশ্বের বিভিন্ন অঞ্চলের মোট সাত জন সদস্য নিয়ে আইসিএইচ এর নির্বাহী বোর্ড গঠন করা হয়। প্রতি দুই বছর পরপর নির্বাচনের মাধ্যমে এটির নতুন বোর্ড গঠন করা হয়। ২০২৪-২০২৬ মেয়াদের পূর্ণ নির্বাহী বোর্ডের সভাপতি হয়েছেন (২০২৩-২০২৫) ক্রোয়েশিয়ার তামারা নিকোলিক ডেরিক। তিনি প্রতিনিধিত্ব করবেন পূর্ব ইউরোপকে। সেক্রেটারি (২০২৪-২০২৬) ফিনল্যান্ডের ম্যাটি হাকামাকি, যিনি পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার প্রতিনিধিত্ব করবেন, কোষাধ্যক্ষ (২০২৩-২০২৫) পানামার ইরিনা রুইজ ফিগুয়েরোয়া, যিনি ল্যাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন। সহ-সভাপতি (২০২৩-২০২৫) মৌরিতানিয়ার মোহাম্মদ লেমিন বেইদিউ, যিনি আরব রাষ্ট্র প্রতিনিধিত্ব করবেন এবং সদস্য (২০২৪-২০২৬) বাংলাদেশের লুবনা মারিয়াম এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন।
হাসান