নির্মিত হয়েছে মিউজিক্যাল ওয়েবফিল্ম ‘জলরঙের ফড়িং’। শুভ্র খানের গল্পে ও খন্দকার হিমেলের পরিচালনায় নির্মিত ওয়েবফিল্মটি শিগগিরই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। একজন সিঙ্গেল মাদার ও নিঃসঙ্গ বেড়ে ওঠা সন্তানের মধ্যকার দূরত্ব নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। গাননির্ভর ওয়েবফিল্মটিতে ব্যবহৃত হয়েছে পাঁচটি গান।
এতে সিঙ্গেল মাদার চরিত্রে অভিনয় করেছেন আশির দশকের জনপ্রিয় অভিনয়শিল্পী শায়লা খান। বিটিভিতে নিজের অভিনীত প্রথম নাটকেই পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। ১০টিরও বেশি একক নাটকে অভিনয়ের পাশাপাশি বিটিভির প্রথম ধারাবাহিক আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ‘সংসপ্তক’ নাটকের সুবর্ণা মুস্তাফার বড় বোন আরিফা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। প্রায় তিন যুগ ধরে কানাডা ও আমেরিকার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। ওয়েবফিল্মটির মধ্য দিয়ে অভিনয়ে প্রত্যাবর্তন ঘটছে এ অভিনেত্রীর। মিউজিক্যাল ওয়েবফিল্ম ‘জলরঙের ফড়িং’য়ের প্রযোজকও তিনি।
শায়লা খান বলেন, ‘প্রবাসে থাকলেও সব সময় দেশীয় সংস্কৃতির সঙ্গেই যুক্ত ছিলাম। সাংগঠনিকভাবে, ব্যক্তিগতভাবে একজন শিল্পী হিসেবে কাজ করে গেছি। তাই যখনই দেশে ফিরেছি, দেশের পর্দায় হাজির হওয়ার তাড়নাটাও অনুভব করেছি। ‘জলরঙের ফড়িং’ সুন্দর একটি গল্প। নির্মাতার বলার ধরনটিও ভিন্ন, খুব কম সংলাপ ছিল, বেশ কিছু গান এতে ব্যবহার হয়েছে। সংলাপ বলা ও অভিনয়ের স্বাধীনতা ছিল। আশা করছি, এই সময়ের দর্শকরা পছন্দ করবেন।’
ওয়েবফিল্মটিতে তার সন্তানের চরিত্রে অভিনয় করেছেন টলিউডের উদীয়মান নায়ক সুপ্রতীম রায়। বাংলাদেশের পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে তার। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সঞ্চিতা দত্ত।
শুভ্র খানের কথায় ও শান্ত শানের সংগীত পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, সঞ্চিতা দত্ত ও শান। দুটি বাউল গান গেয়েছেন বাউল রহমত শাহ। নির্মাতা জানান, শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েবফিল্মটি মুক্তি পাবে।
হাসান