আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোট সাতটি দলের লড়াই চলবে। ৪৬ ম্যাচের এই টুর্নামেন্ট শেষ হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি। ইতোমধ্যেই জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে এর উদ্বোধনী অনুষ্ঠান।
এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মাধ্যমে প্রথমবার যুক্ত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। তার নেতৃত্বে এই দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন শোবিজের একঝাঁক তারকা। এর আগেই ঘোষণা করা হয়েছিল কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে দলটির থিম সং। এবার সেই থিম সংয়ের খবর পাওয়া গেল। গানটি তৈরি করেছেন এ সময়ের জনপ্রিয় সংগীত তারকা প্রীতম হাসান। আর এই গানের মডেল হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় মডেল অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বিএফডিসিতে সেট ফেলে বড় পরিসরে নির্মাণ করা হয়েছে এর ভিডিও। এটি নির্মাণ করেছেন রাকিব আহমেদ। এই ভিডিওতে স্পর্শিয়া ছাড়াও থাকছেন শাকিব খান, বিদ্যা সিনহা মিম, ইরফান সাজ্জাদ, পূজা চেরী, ইমনসহ শতাধিক সহশিল্পী। থাকছেন ঢাকা ক্যাপিটালস দলের খেলোয়াড়রাও।
সম্প্রতি এমন খবরই দিলেন অর্চিতা স্পর্শিয়া। তিনি জানালেন কোটি টাকার থিম সংয়ে তার উপস্থিতির কথা। গত শুক্রবার বিকেলে এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন থিম সংয়ের একটি স্থিরচিত্র। যেটি ধারণ করা হয়েছে সেই থিম সংয়ের সেট থেকে। ছবির ক্যাপশনে স্পর্শিয়া লিখেছেন, ‘লোডিং...। ঢাকা ক্যাপিটালস!’
এ সম্পর্কে স্পর্শিয়া গণমাধ্যমে বলেন, ‘শুটিং শেষ। ৩০ ডিসেম্বর প্রকাশ পাচ্ছে আমাদের দলের থিম সং। আমি মনে করি, এবারের আসরে সেরা থিম সং হতে যাচ্ছে এটি। আর দল হিসেবেও আমরা অর্জন করব শ্রেষ্ঠত্বের ট্রফি।’
উল্লেখ্য, ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানারোমা বিভাগে জায়গা করে নিয়েছে স্পর্শিয়া অভিনীত ওয়েবফিল্ম ‘এখানে নোঙর’।
এতে স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ। মেহেদী রনির পরিচালনায় ছবিটির গল্প গড়ে উঠেছে দেশের সমুদ্রতীরবর্তী এলাকার জাহাজচালকদের জীবন নিয়ে। তাদের জীবনের সংগ্রাম ও ক্ষমতা দখলের খেলার পাশাপাশি ছবিটিতে উঠে এসেছে দারুণ এক প্রেমের গল্প।
হাসান