বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত বছরের ২৮ ডিসেম্বর। কিন্তু নির্বাচনের একদিন আগে ভোট গ্রহণ স্থগিত করেন নির্বাচন কমিশন। এবার জটিলতা কাটিয়ে ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণা করেছে কমিশন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার এ জে রানা বিষয়টি নিশ্চিত করেছেন। এ সম্পর্কে তিনি বলেন, `গত ২৮ ডিসেম্বর নির্বাচনের ভোটগ্রহণের কথা থাকলেও নানা কারণে তখন স্থগিত করা হয়। সুখবর হচ্ছে, এ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনারসহ দুই প্যানেলের সবার সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটগ্রহণের দিনক্ষণ চূড়ান্ত হলেও স্থান এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ সম্ভব হবে বলে আশাবাদ প্রকাশ করেন নির্বাচন কমিশন সহ সকল প্রার্থীরা। কিন্তু সেটি যদি সম্ভব না হয়, তাহলে কাছাকাছি কোনো জায়গায় ভোটগ্রহণের আয়োজন করা হবে।’
এর আগে গত ২৭ ডিসেম্বর রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। নির্বাচনে মুশফিকুর রহমান গুলজার-সাফি উদ্দিন সাফি পরিষদ এবং শাহীন সুমন-শাহীন কবির টুটুল পরিষদের প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে এ জে রানা ও বি এইচ নিশান। নির্বাচনে মোট ভোটার ৩৯৫ জন। নির্বাচনের দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
হাসান