টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান ও নন্দিত অভিনেত্রী তাসনুভা তিশা আগামী রোজার ঈদে প্রচারের জন্য এরই মধ্যে একটি নাটকে কাজ করেছেন। নাটকের নাম ‘এভাবেও পাশে থাকা যায়’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন পথিক সাধন। এরই মধ্যে নাটকটির শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।
ইয়াশ ও তিশা প্রথম একসঙ্গে অভিনয় করেন মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’। এরপর তারা দুজন প্রীতি দত্তের পরিচালনায় দুটি নাটকের অভিনয় করেন। মাঝে প্রায় তিন বছরের বিরতি ছিল তাদের একসঙ্গে কাজ করার। প্রায় তিন বছর পর তারা দুজন ‘এভাবেও পাশে থাকা যায়’ নাটকে অভিনয় করলেন।
নাটকটি প্রসঙ্গে পরিচালক পথিক সাধন জানান, সাম্প্রতিক সময়ে দেখা যায় যে ছেলেমেয়ের মধ্যে রিলেশন ব্রেকআপ হওয়ার পরে কেউ কারও সঙ্গে দেখা করে না, কথা বলে না। দুজনের উপলদ্ধি এমন হয় যে, তারা নিজেদের জীবন নষ্ট করেছে। কিন্তু এমনটা হওয়া উচিত নয়। এমনই একটি গল্প নিয়ে এগিয়ে গেছে ‘এভাবেও পাশে থাকা যায়’ নাটকটি। আগামী ঈদে প্রচারের জন্য নাটকটি নির্মিত হয়েছে।
ইয়াশ রোহান বলেন, ‘আমি জানি না এটা দর্শক কীভাবে নেবেন, কারণ এটা গতানুগতিক লাভ স্টোরির নাটক নয়। কিন্তু আমি আশাবাদী নাটকটি নিয়ে।’
তাসনুভা তিশা বলেন, ‘এই নাটকের গল্প আসলে মন থেকে উপলব্ধি করার একটা গল্প। একজন অভিনেত্রী হিসেবে আমি বহু নাটকে অভিনয় করেছি। কিন্তু এভাবেও পাশে থাকা যায় একেবারে মনের গভীর থেকে অনুভব করে তারপর ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করতে হয়েছে। আমি আমার চরিত্রটির প্রতি ভীষণ মনোযোগী ছিলাম। কারণ যে চরিত্রটিতে আমি অভিনয় করেছি, তাতে বেশ সিরিয়াস হয়েই অভিনয় করতে হয়েছে। অনুরূপভাবে ইয়াশের ক্ষেত্রেও ঠিক তাই। ইয়াশ ভালো মনের একজন মানুষ এবং নিঃসেন্দেহে খুব ভালো একজন অভিনেতা। বেশ কো-অপারেটিভ। কাজটি অনেক ভালো হয়েছে। আশা করছি দর্শকের ভীষণ ভালো লাগবে নাটকটি।’
এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে তিশা অভিনীত সকাল আহমেদ পরিচালিত ‘বিন্দাস’, তৌহিদ হক পরিচালিত ‘তোমারি জন্য’ নাটক দুটি। ইউটিউবে ইয়াশের সর্বশেষ প্রকাশিত নাটক ইমরাউল রাফাতের ‘হৃদয়ের রঙ’।
হাসান