হলিউডের জনপ্রিয় জুটি গিগি হাদিদ-ব্র্যাডলি কুপার। এক বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকলেও এখনো বাগদান সম্পন্ন করেননি তারা। এমনকি বাগদান নিয়ে তাড়াহুড়ো করতেও রাজি নন এই জুটি। বরং গিগি-ব্র্যাডলি আরও কিছুদিন একসঙ্গে সময় উপভোগ করতে চান এবং নিজেদের সম্পর্ক লোকচক্ষুর আড়ালেই রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
এ নিয়ে একটি সূত্র পিপল ম্যাগাজিনকে বলেছেন, ‘দুজনই নিজেদের সম্পর্কটি গুরুত্বের সঙ্গে দেখছেন। কিন্তু এখনই বাগদান করা তাদের জন্য একটি বড় সিদ্ধান্ত হয়ে যাবে। তারা কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না, তার মানে এই নয় যে তারা একসঙ্গে অখুশি আছেন। এমনকি দুজনের পরিবার এবং বাচ্চারাও মাঝে মাঝেই একসঙ্গে সময় কাটান। তাদের সম্পর্ক খুবই ভালো।’
সূত্রটি আরও জানায়, ‘তারা একে অপরকে অনেক বেশি প্রভাবিত করেন। গিগি অনেক মুক্তমনা ব্যক্তিত্বের এবং ব্র্যাডলিও তার সঙ্গে সময় কাটাতে অনেক পছন্দ করেন।’ অন্য একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছে, ‘তারা অনেক খুশি। তারা কাজ নিয়ে অনেক ব্যস্ত এরপরও তাদের সম্পর্ক এবং সন্তানদের অগ্রাধিকার দেয়।’
ব্র্যাডলি কুপারের আগের ঘরে একটি কন্যাসন্তান রয়েছে। ২০১৭ সালে রাশিয়ান সুপার মডেল ইরিনা শায়েকের সঙ্গে সম্পর্ক থাকাকালীন এই মেয়ের জন্ম হয়। পরে ২০১৯ সালে তারা আলাদা হয়ে গেলেও সহ-অভিভাবক হিসেবে দুজনই দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে ২০২০ সালের সেপ্টেম্বরে গিগি হাদিদও কন্যাসন্তানের জন্ম দেন। তার সন্তানের বাবা গিগির সাবেক প্রেমিক জেইন মালিক। এই জুটি নিজেদের বিচ্ছেদের ঘোষণা করেছিলেন ২০২১ সালে।
হাসান