বছরের প্রথম উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট ২০২৫ ‘গালা নাইট কনসার্ট’ শীর্ষক কনসার্টে এক মঞ্চে গাইবে দেশসেরা ৮ জনপ্রিয় ব্যান্ডদল। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে গানে গানে ঝড় তুলবেন ‘নগরবাউল’ তারকা মাহফুজ আনাম জেমস। আরও গাইবে শিরোনামহীন, আর্টসেল, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ ও তেরোন্দাজ। চট্টগ্রামের জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, ফৌজদারহাট ডিসি পার্কে চলমান মাসব্যাপী ফুল উৎসবের সমাপনী উপলক্ষে আগামী ৬ ফেব্রুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই গালা নাইট কনসার্টটি। উন্মুক্ত এ কনসার্টে শ্রোতাদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন আয়োজকরা।
‘নগরবাউল’র মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন বলেন, ‘চট্টগ্রামের সঙ্গে আমাদের সম্পর্ক আবেগের। সেখান থেকে আমন্ত্রণ পেলেই ছুটে যেতে হয়। চট্টগ্রামের শ্রোতাদের সামনে নগরবাউল সব সময় উজাড় করে দেয়। এবারও আশা করি ভালো একটি অনুষ্ঠান উপহার দিতে পারব।’
উল্লেখ্য, গতকাল ২৫ জানুয়ারি পঞ্চগড়ে কনসার্টে গান পরিবেশন করে ‘নগরবাউল’।
হাসান