দেশের জনপ্রিয় তারকা মোশাররফ করিম, তাসনিয়া ফারিণ ও শরীফুল রাজ। এবার এই তিন তারকাকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন আলোচিত নির্মাতা সঞ্জয় সমদ্দার। সিনেমার নাম ‘ইনসাফ’। এটি নির্মাতার দ্বিতীয় ছবি হতে যাচ্ছে। ‘মানুষ’ নামে কলকাতায় প্রথম সিনেমা নির্মাণ করেছিলেন সঞ্জয় সমদ্দার। এতে অভিনয় করেছিলেন কলকাতার সুপারস্টার জিৎ, বাংলাদেশের বিদ্যা সিনহা মিমসহ আরও অনেকেই।
এতদিন গুঞ্জন ছিল সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমায় অভিনয় করবেন মোশাররফ করিম, তাসনিয়া ফারিণ ও শরীফুল রাজ। এবার সেই গুঞ্জনের পালেই হাওয়া লাগল।
সিনেমাসংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মোশাররফ করিম। এতে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন বলেও নিশ্চিত হওয়া গিয়েছে। ইতোমধ্যে চুক্তি স্বাক্ষর পর্বও সেরে নিয়েছেন তারা। সিনেমায় শরীফুল রাজের বিপরীতে নায়িকা হিসেবে থাকবেন তাসনিয়া ফারিণ। এই সিনেমার মাধ্যমেই ঢাকার চলচ্চিত্রের পুরোপুরি বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে এই অভিনেত্রীর।
যদিও ফারিণের নায়িকা হওয়ার বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছু জানাননি পরিচালক সঞ্জয় সমদ্দার। তিনি শুধু জানিয়েছেন, বেশ কজন অভিনেত্রীর সঙ্গে কথাবার্তা হচ্ছে। চূড়ান্ত না হলে কিছুই বলতে পারছি না। নির্মাতা গণমাধ্যমকে বলেন, ‘সিনেমা নির্মাণের আগে তো অনেকের সঙ্গেই কথা হয়। অডিশন পর্ব হয়। এর মধ্যে থেকে যার সঙ্গে ব্যাটেবলে মিলে যায় তখনই তাকে কাস্ট করা হয়। আমি এখন সে প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছি। শিগগিরই সিনেমার নাম ও অফিশিয়ালি জানাব সবাইকে। তবে একটি ভালো সিনেমা হবে এই শুধু দর্শকদের বলতে পারি।’
সিনেমাটি প্রযোজনা করছে তিতাস কথাচিত্র। এই সিনেমার মাধ্যমেই দীর্ঘদিন পর নতুন সিনেমায় প্রযোজনায় ফিরছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। বড় কোনো উৎসবে মুক্তির লক্ষ্যেই সিনেমাটি নির্মাণ হচ্ছে বলেই ইঙ্গিত দিয়েছেন পরিচালক।
জানা গেছে, অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা হবে ‘ইনসাফ’। এতে অ্যাকশন অবতারে দেখা যাবে শরীফুল রাজকে। পাশাপাশি ভয়ংকর এক নেতিবাচক চরিত্রে পর্দায় হাজির হবেন মোশাররফ করিম।
উল্লেখ্য, সঞ্জয় সমদ্দার সিনেমা নির্মাণের পাশাপাশি নাটক, টেলিফিল্ম ও ওয়েব সিরিজ নির্মাণ করেছেন।