২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের ব্যবসাসফল সিনেমা ‘জোকার’। তারই ধারাবাহিকতায় ২০২৪ সালে এটির সিকুয়েল ‘জোকার: ফোলি আ ডিউক্স’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল। কিন্তু জোকারের দ্বিতীয় কিস্তিটি বক্স অফিসে তেমন লাভের মুখ দেখেনি। সিনেমাটিতে অভিনয় করা জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী লেডি গাগা সম্প্রতি ‘জোকার ২’-এর আয় কম হওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন।
এই অভিনেত্রী ‘এলে’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে, দর্শকরা একটি সিনেমা পছন্দ নাও করতে পারেন। এখানে সমস্যার কিছু দেখেন না তিনি। মূলত ২০১৯ সালে জোকারের প্রথম কিস্তি মুক্তির পর সিনেমা খুব ভালো আয় করেছিল। ফলে এটির দ্বিতীয় কিস্তি নিয়েও সবার প্রত্যাশা অনেক বেশি ছিল। কিন্তু ‘জোকার ২’ বক্স অফিসে একদম মুখ থুবড়ে পড়েছিল।
বিষয়টি নিয়ে লেডি গাগাকে জিজ্ঞেস করা হলে জবাবে তিনি বলেন, ‘মানুষ কখনো কখনো কিছু জিনিস পছন্দ করে না। এমনটা হয়েই থাকে এবং আমি মনে করি একজন শিল্পী হিসেবে দর্শকদের কোনো কিছু ভালো না লাগলে আপনার সেটি মেনে নেওয়ার ইচ্ছাশক্তি থাকতে হবে। যদিও কাজটা করা অনেক কঠিন, তবে আপনাকে থেমে যাওয়া যাবে না।’
টড ফিলিপস পরিচালিত ‘জোকার ২’ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জোয়াকিন ফিনিক্স এবং তার সহ-অভিনেতা হিসেবে অভিনয় করেছেন লেডি গাগা। এ ছাড়াও জাজি বিটজ, লে গিল, ব্রেন্ডন গ্লিসন, ক্যাথরিন কিনার, স্টিভ কুগান এবং হ্যারি লটেও ছবিটিতে কাজ করেছেন।
উল্লেখ্য, এই অভিনেত্রী-গায়িকা তার নতুন অ্যালবাম ‘মেহেম’ প্রকাশ করতে প্রস্তুত। অ্যালবামটিতে মোট ১৪টি গান থাকবে, যার মধ্যে আগেই প্রকাশিত ‘ডিজিজ অ্যান্ড ডাই উইথ আ স্মাইল’ গানটিও রয়েছে।
হাসান