দীর্ঘ একবছর বিরতির পর ফের সিনেমার রুপালি পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে ‘ধুমধাম’ শিরোনামের নতুন এ সিনেমাটি। ঋষভ শেঠ পরিচালিত অ্যাকশন-কমেডি ঘরানার ছবিটিতে ইয়ামির বিপরীতে অভিনয় করেছেন প্রতীক গান্ধি। ছবিতে এই জুটিকে নবদম্পতির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। বর্তমানে সিনেমার প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।
বলিউডে ক্যারিয়ার শুরুর অনেক দিন পার হলেও এখনো খুব বেশি ছবিতে কাজ করতে দেখা যায় না এই অভিনেত্রীকে। কারণ হিসেবে তিনি জানান, কাজের ব্যাপারে একটু খুঁতখুঁতে তিনি এবং সব ধরনের গল্পে কাজ করতে আগ্রহী নন। এ সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘আমি সব সময় ভালো কাজের অপেক্ষায় থাকি। ভালো চরিত্র না পেলে সে গল্পে আমি কাজ করতে চাই না। শুরু থেকেই আমি এই নীতিতে বিশ্বাসী। যদিও ক্যারিয়ারের শুরুর দিকে মানুষের মুখের ওপর না বলতে পারতাম না। তবে এখন আমি আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী। তাই কোনো গল্প পছন্দ না হলে আমার অসম্মতির কথা অকপটেই জানিয়ে দিই।’
মাঝে মাতৃত্বকালীন ছুটির কারণে সিনেমা থেকে প্রায় একবছর বিরতি শেষে আবারও ‘ধুমধাম’ করে বড় পর্দায় ফিরছেন এই বিউটি কুইন। ছবিটি নিয়ে ভীষণ আশাবাদী ইয়ামি নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘একটি সিনেমায় লেখক, পরিচালক এবং অভিনয়শিল্পীরা পর্যাপ্ত সময় নিয়ে নিজেদের মেধার সর্বোচ্চটুকু কাজে লাগালে ভালো ছবি তৈরি করা সম্ভব। ধুমধামের ক্ষেত্রেও ঠিক এমনটিই ঘটেছে বলে আমার বিশ্বাস। আমরা সিনেমাটিতে কাজ করতে খুব উপভোগ করেছি। দর্শকরা অসাধারণ একটি সিনেমা দেখতে চলেছে।’ ছবিটিতে আরও অভিনয় করেছেন কোয়েল চাড্ডা, বীর পোদ্দার, পবিত্র সরকার, এজাজ খান প্রমুখ। এটি প্রযোজনা করেছেন লোকেশ ধর, আদিত্য ধর এবং জ্যোতি দেশপান্ডে।
/ তাসনিম তাজিন