বলিউড অভিষেকের পর থেকেই সিনেমায় পরিচিত মুখ হয়ে উঠেছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। ইতোমধ্যে দক্ষিণী সিনেমায় সুপারস্টার জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করেও প্রশংসিত হয়েছেন তিনি। এবার গুঞ্জন উঠেছে, সুপারস্টার আল্লু অর্জুনের পরবর্তী ছবিতে জুটি বাঁধতে যাচ্ছেন এই বলিউড সুন্দরী। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো পক্ষ মুখ খোলেনি।
জানা গেছে, ‘পুষ্পা ২’-এর সাফল্যের পর আল্লু পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের সঙ্গে তার পরবর্তী সিনেমায় কাজ করার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এটির শুটিং শুরু করতে বিলম্ব হওয়ায় এখন সম্ভবত নির্মাতা অ্যাটলির পরবর্তী সিনেমায় কাজ শুরু করবেন এই অভিনেতা। এই ভারতীয় তারকার দীর্ঘদিন ধরে পরিচালক অ্যাটলির সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। এদিকে জল্পনা চলছে, আল্লু-অ্যাটলির এই বিগ প্রজেক্টেই প্রধান নারী চরিত্রে অংশ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছেন জাহ্নবী। এর আগে জুনিয়র এনটিআরের সঙ্গে ‘দেভারা’ সিনেমার ‘ছুট্টামালে’ গানে অভিনয় করে তেলেগু দর্শকদের কাছে তুমুল প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী। এ ছাড়া আরেক তেলেগু তারকা রাম চরণের আসন্ন ছবিতেও অভিনয় করবেন শ্রীদেবীকন্যা।
প্রসঙ্গত, এক মাস আগে অ্যাটলির স্ত্রী প্রিয়ার জন্মদিনের পার্টিতে একঝাঁক বলিউড তারকার সঙ্গে জাহ্নবী কাপুরও উপস্থিত ছিলেন। তার পর থেকেই অ্যাটলির সিনেমায় এই অভিনেত্রীর কাজ করার গুঞ্জনটি আরও জোরেশোরে উঠতে শুরু করেছে।