জনপ্রিয় তারকা জুটি সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো। ২০২৩ সালে প্রেমে জড়ানোর পর ২০২৪ সালের ডিসেম্বরে বাগদানের ঘোষণা দেন তারা। সম্প্রতি নিজেদের সম্পর্ক, সাক্ষাৎ ও বাগদান সম্পর্কে মুখ খুলেছেন সংগীত জগতের এই জুটি। মার্কিন ম্যাগাজিন পিপলকে নিজের বাগদত্তা বেনি ব্লাঙ্কো সম্পর্কে নিজের অনুভূতির কথা জানান এই আমেরিকান গায়িকা।
বেনির সঙ্গে সম্পর্ক নিয়ে সেলেনা বলেন, ‘তার (বেনি) সঙ্গে আমি নিজেকে মূল্যবান বোধ করি। ব্লাঙ্কোর সঙ্গে সাক্ষাতের আগে আমি জীবনের আসল মানে বুঝতেই পারিনি। এখন অনেক সম্মানিত বোধ করি এবং আমার মনে হয়, জীবনে এমন কিছুই আমি চেয়েছিলাম। বেনের সঙ্গে সম্পর্কের আগে পাঁচ বছর আমি একাকী জীবন কাটিয়েছি। আমার বিশ্বাস, এ সময়টাই আত্মউপলব্ধি করতে সাহায্য করেছে আমায়, যার ফলে এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে খুঁজে পেয়েছি।’
এই গায়িকা ও অভিনেত্রী আরও বলেন, ‘তবে শুনতে অদ্ভূত লাগলেও ১০ বছর আগে হলে আমি হয়তো বেনের ধৈর্য্য এবং এমন নিঃশর্ত ভালোবাসা মেনে নিতে পারতাম না।’
এর আগে গত বছরের নভেম্বরে বেনি ব্লাঙ্কোর এক ইন্সটাগ্রাম পোস্টে বাগদত্তার ভালোবাসার প্রশংসা করে সেলেনা লিখেছিলেন, ‘তুমি যে আমায় শুধু নিঃশর্তভাবে ভালোবাসো তাই নয়, এর বাইরেও সবসময় আমার জন্য টাকো বেল মেক্সিকান পিৎজা নিয়ে আসতেও তোমার কখনো ভুল হয় না।’
জবাবে বেনি ব্লাঙ্কোও সেলেনার ভূয়সী প্রশংসা করেছিলেন। এক সাক্ষাৎকারে বাগদত্তাকে নিয়ে করা মন্তব্যে তিনি বলেছিলেন, ‘আপনার সেরা বন্ধুকে খুঁজে বের করুন। কেননা সুখী স্ত্রী মানেই সুখী জীবন।’
কলি