বলিউডের নিয়মিত মুখ তাপসী পান্নু। ২০১৩ সালে হিন্দি সিনেমায় অভিষেকের পর থেকেই তার বৈচিত্র্যময় চলচ্চিত্র নির্বাচন এবং গতানুগতিক ধারার বাইরের চিন্তা-ভাবনার জন্য বিশেষ পরিচিতি রয়েছে এই অভিনেত্রীর। এবার তিনি সব বাধা ভেঙে নতুন সম্ভাবনা আবিষ্কারের জন্য নিজ সীমার বাইরে নতুন এক জগৎ অন্বেষণের কথা বলেছেন। সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে এমন কথা জানান এই অভিনেত্রী।
ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করে তাপসী ক্যাপশনে লেখেন, ‘যখন বাক্সটি ভেঙে যাবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে, এর বাইরেও একটি পৃথিবী আছে।’ উল্লেখ্য, তাপসী নিজেও গতানুগতিক ধারার চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে ক্যারিয়ারে খ্যাতি অর্জন করেছেন।
এই অভিনেত্রীকে পরবর্তীতে অ্যাকশন ঘরানার ‘গান্ধারী’ ছবিতে দেখা যাবে যেখানে তিনি নিজের স্টান্টগুলো নিজেই করবেন। ছবিটির পরিচালনায় আছেন দেবাশীষ মাখিজা এবং এটির চিত্রনাট্য ও প্রযোজক হিসেবে থাকছে কণিকা ধিলনের প্রযোজনা সংস্থা ‘কথা পিকচার্স’। এর আগে আলোচিত ‘দো পাত্তি’ সিনেমাটিও এই একই ব্যানারে নির্মাণ করা হয়েছিল। ‘গান্ধারী’ এই প্রযোজনা সংস্থার ব্যানারে দ্বিতীয় সিনেমা হতে চলেছে। ছবিটির অ্যাকশন দৃশ্যে নিখুঁতভাবে অভিনয় করার জন্য এই নারী প্রযোজকও তাপসীর প্রশংসায় পঞ্চমুখ।
ভ্যারাইটি ডটকমের প্রতিবেদন অনুসারে, এই সিনেমায় দর্শকেরা তাপসী পান্নুকে একটি মিশনে থাকা একজন হিংস্র মা হিসেবে দেখতে পাবেন। ছবিটি রোমাঞ্চকর গল্পের পাশাপাশি রহস্যময়তা এবং উচ্চ শক্তিসম্পন্ন অ্যাকশনের পটভূমিতে তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গিয়েছিল মুদাস্সর আজিজ পরিচালিত ‘খেল খেল মে’ সিনেমায়। ২০২৪ সালে মুক্তি পাওয়া সেই সিনেমায় তাপসী ছাড়া আরও অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, ফারদিন খান, বাণী কাপুর, অ্যামি ভার্ক এবং আদিত্য সিল।
কলি