বলিউড সুন্দরী ইয়ামি গৌতম বর্তমানে তার ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। একের পর এক আলোচিত সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। তার সর্বশেষ অভিনীত ‘আর্টিকেল ৩৭০’ এবং ‘ধুম ধাম’ সিনেমা দুটি ভালো দর্শকপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি দুর্দান্ত অভিনয়ের জন্য ভক্তদের কাছেও বেশ সমাদৃত হয়েছেন তিনি। জানা গেছে, সামনে আরও একাধিক ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ইয়ামি।
এই অভিনেত্রীর ঘনিষ্ঠ এক সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ইয়ামি বর্তমানে কয়েকটি সিনেমার জন্য অপেক্ষা করছেন এবং ইতোমধ্যে তিনি একাধিক সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছেন। সূত্রটি জানায়, ‘তিনি ক্যারিয়ারে দুর্দান্ত সাফল্য পাচ্ছেন। তাই নির্মাতারাও এখন তাকে নিয়ে কাজ করতে অনেক বেশি আত্মবিশ্বাসী। তবে ইয়ামি তার কাজের স্ক্রিপ্ট নির্বাচনের ক্ষেত্রে এখনো খুব সতর্ক থাকছেন। তার হাতে এখন বেশ কিছু কাজও রয়েছে।’
সূত্রটি আরও জানায়, ‘তার সর্বশেষ তিনটি ছবি ওএমজি ২ (২০২৩), আর্টিকেল ৩৭০ (২০২৪) এবং ধুম ধাম (২০২৫)-এর সফলতার পর ইয়ামি নিজেও এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। বর্তমানে চারটিরও অধিক সিনেমায় কাজ করা নিয়ে তিনি আলোচনায় আছেন। শিগগিরই সেসব সিনেমার কাজও শুরু করবেন। সেখানে আমরা তাকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে দেখব।’
উল্লেখ্য, এর আগে নারীকেন্দ্রিক ও সামাজিক বিষয়বস্তু নিয়ে নির্মিত ছবিতে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছিলেন এই অভিনেত্রী। যার উৎকৃষ্ট উদাহরণ ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘আর্টিকেল ৩৭০’ সিনেমাটি। সর্বশেষ ইয়ামিকে দেখা গিয়েছিল ঋষভ শেঠ পরিচালিত ‘ধুম ধাম’ সিনেমায়। ছবিটি গত ১৪ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।
/ তাসনিম তাজিন